স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৮ মে :উন্নয়নের বড় বড় প্রতিশ্রুতির আড়ালে লুকিয়ে থাকা এক নির্মম বাস্তব। উরমাই বাজার পেরিয়ে কৃষ্ণ চৌমুহনী পর্যন্ত প্রায় এক কিলোমিটার রাস্তায় এখন আর পিচ বা ইটের কোনো অস্তিত্বই অবশিষ্ট নেই। চারদিকে শুধু রাস্তার কঙ্কালসার চেহারা। অথচ এই রাস্তাকে দিয়েই প্রতিদিন যাতায়াত করেন স্কুল পড়ুয়া থেকে শুরু করে সাধারণ মানুষ। স্থানীয়দের ক্ষোভ— বিগত ৮ বছর ধরে এই নরকযন্ত্রণা ভোগ করছে তারা। এই রাস্তা দিয়ে গাড়ি চালানো তো দূরের কথা, পায়ে হেঁটে যাওয়ারও উপায় নেই।
একটু অসাবধান হলেই বড় দুর্ঘটনা সংঘটিত হতে পারে। এমনকি রাস্তার একটি অংশে ড্রেনেজ ব্যবস্থা সম্পূর্ণ বন্ধ হয়ে রয়েছে। ফলে সামান্য বৃষ্টি হলেই সেই নোংরা জল উপচে রাস্তাটি যেন এক মিনি সাগরে পরিণত হয়। নোংরা ও দুর্গন্ধময় জল দিয়েই প্রতিদিন যাতায়াত করতে হচ্ছে সাধারণ মানুষকে। রোগব্যাধির আশঙ্কা তো রয়েছেই, তার উপর জলের নিচে কোথায় বড় গর্ত লুকিয়ে আছে তা বোঝার কোনো উপায় নেই। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, স্থানীয় পঞ্চায়েত কিংবা মহকুমা প্রশাসনের পক্ষ থেকে কোন উদ্যোগ নেই সংস্কার করার। দীর্ঘ ৮ বছর ধরে একের পর এক আবেদন জানানো সত্ত্বেও প্রশাসনের তরফ থেকে কোনো হেলদোল বা সদর্থক ভূমিকা দেখা যায়নি বলে জানান এলাকাবাসী।

