স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৮ মে :তিন মাস পর খোলা হলো উদয়পুর মাতা ত্রিপুরা সুন্দরী মন্দির-এর প্রনামী বাক্সগুলি। সোমবার সকালে মন্দির প্রাঙ্গণে থাকা মোট ১৬ টি সিন্দুক ও প্রনামী বাক্স খুলে গণনার কাজ শুরু হয়।
প্রশাসন সূত্রে জানা গেছে, শুধুমাত্র ভারতীয় মুদ্রাই নয়, প্রনামী বাক্সে পাওয়া গেছে বিভিন্ন দেশের বৈদেশিক মুদ্রাও। এর মধ্যে রয়েছে মার্কিন ডলার, সৌদি আরব ও কুয়েতের দিনার, নেপালের মুদ্রা এবং বাংলাদেশের টাকা। এই বৈদেশিক মুদ্রার উপস্থিতি প্রমাণ করে যে, মন্দিরটি এখন আন্তর্জাতিক পর্যটক ও তীর্থ যাত্রীদের কাছেও সমানভাবে জনপ্রিয় দর্শনার্থী স্থান হয়ে উঠছে। গণনার কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য গোমতী জেলার জেলাশাসক দপ্তর থেকে ১৬ সদস্যের একটি বিশেষ দল গঠন করা হয়।
সকাল থেকেই শুরু হয় গণনার প্রক্রিয়া, যদিও মাঝে মধ্যে বৃষ্টির কারণে কিছুটা ব্যাঘাত ঘটে। তবুও প্রশাসনের তত্ত্বাবধানে এবং কড়া নিরাপত্তা বলয়ের মধ্যে পুরো কাজ সম্পন্ন হবে বলে জানিয়েছেন ডেপুটি কালেক্টর চন্দ্রশেখর চট্টোপাধ্যায়।

