স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৫ মে : গত ১৭ এপ্রিল টিটিএএডিসি-র ফলাফল ঘোষণা হয়। ২৮ টি আসনের মধ্যে ভরাডুবি হয়েছে অতি আশাবাদী বিজেপির। মোট চব্বিশটি আসনে জয়ী হয়েছে তিপরা মথা। গত ২৭ এপ্রিল ২৪ জন তিপরা মথার নবনির্বাচিত সদস্য ও সদস্যা এমডিসি হিসেবে শপথ গ্রহণ করেন। বিজেপি-র বাকি চারজন সদস্য শপথ গ্রহণ করেননি। শুক্রবার তাঁরা এমডিসি হিসেবে আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেছেন। শুক্রবার খুমুলুঙ স্থিত পরিষদীয় ভবনে টিটিএএডিসির ৪ জন সদস্য সদস্যরা শপথ গ্রহণ করেন।
তাদের শপথ বাক্য পাঠ করান টিটিএএডিসির চেয়ারম্যান ভবরঞ্জন রিয়াং। তারা হলেন ২৮ শিলাছড়ি মনুবংকুল আসনের নবনির্বাচিত সদস্য কংজং মগ, তিনি বাংলায় শপথ গ্রহণ করেন। ২ নং মাছমারা আসনের নবনির্বাচিত সদস্যা মঞ্জুর রানী সরকার বাংলায় শপথ গ্রহণ করেন, ৩ নং দশদা কাঞ্চনপুর কেন্দ্রের নবনির্বাচিত সদস্য শৈলেন্দ্র নাথ বাংলায় শপথ গ্রহণ করেন, পাঁচ নং ছামনু আসনের নবনির্বাচিত সদস্য ইসমাইল জয় ত্রিপুরা ককবরক ভাষায় শপথ গ্রহণ করেন। এদিন শপথ গ্রহণ অনুষ্ঠানের প্রদেশ বিজেপি-র সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা উপস্থিত ছিলেন। শপথ গ্রহণ অনুষ্ঠানের পর তিনি বলেন, ভারতীয় জনতা পার্টির হয়ে যে চারজন সদস্য আজকে শপথ গ্রহণ করেছেন তারা আগামী পাঁচ বছর বিরোধীদলের ভূমিকায় থেকে রাজ্যের জনজাতিদের উন্নয়নের জন্য আওয়াজ তুলবে। এদিকে শুক্রবার ত্রিপুরা উপজাতি এলাকার সশাসিত জেলা পরিষদের চেয়ারম্যান ভবরঞ্জন রিয়াং অনির্দিষ্টকালের জন্য অধিবেশনের মুলতবি ঘোষণা করেন।

