স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৫ মে : রাজ্যে নেশা মুক্ত ত্রিপুরা গড়ার ডাক যখন সরকারের সর্বোচ্চ স্তর থেকে দেওয়া হচ্ছে, ঠিক তখনই খোদ শাসক দলের জেলা সভাপতির ছেলে নেশা কারবারে জড়িয়ে পড়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। শুক্রবার দুপুরে খোয়াই জেলা বিজেপি সভাপতি বিনয় দেববর্মার ছেলে সৈকত দেববর্মাকে বিপুল পরিমাণ ব্রাউন সুগার সহ হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ।
আটক করা হয়েছে তার সহযোগী অমিতাভ দেববর্মাকেও।গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বেলা ১২টা নাগাদ খোয়াই থানার পুলিশ লালছড়া এলাকায় বিজেপি জেলা সভাপতি বিনয় দেববর্মার পুরনো বাড়িতে হানা দেয়। দীর্ঘ তল্লাশির পর সৈকত দেববর্মার হেফাজত থেকে উদ্ধার হয় ৩.২৪ গ্রাম ব্রাউন সুগার সহ নগদ ৫,০০০ টাকা ও দুটি মোবাইল ফোন। স্থানীয় সূত্রে খবর, বাবার রাজনৈতিক প্রভাবকে ঢাল হিসেবে ব্যবহার করে সৈকত দেববর্মা দীর্ঘদিন ধরেই এলাকায় মাদকের কারবার চালিয়ে আসছিল। ইতিপূর্বেও বেশ কয়েকবার মাদক সহ তিনি পুলিশের জালে ধরা পড়লেও অজ্ঞাত কারণে ছাড়া পেয়ে যান।

