বাড়িরাজ্যচড়ক মেলার সুযোগকে কাজে লাগিয়ে তিন বাড়িতে চোরের থাবা

চড়ক মেলার সুযোগকে কাজে লাগিয়ে তিন বাড়িতে চোরের থাবা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৫ মে : চড়ক মেলার সুযোগ হাতিয়ার করল চোরের গ্যাং। একই এলাকায় পরপর তিন বাড়িতে চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য। ঘটনা ধর্মনগর থানাধীন ৫৭ যুবরাজনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত রাজনগর গ্রাম পঞ্চায়েতের ৬ নং ওয়ার্ডে। বৃহস্পতিবার রাতে পরপর তিনটি বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ধর্মনগর থানাধীন রাজনগর গ্রাম পঞ্চায়েতের ৬ নং ওয়ার্ডে। জানা যায়, বৃহস্পতিবার বিকালে এলাকার অধিকাংশ বাড়িঘরের মানুষ রাজনগর স্কুল মাঠে চড়ক মেলা দেখতে যায়।

 সেই সুযোগকে কাজে লাগিয়েই সক্রিয় হয়ে উঠে চোরের দল। একের পর এক বাড়িতে ঢুকে নগদ টাকা, সোনা-রুপোর অলংকার সহ বিভিন্ন মূল্যবান সামগ্রী নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। চুরির শিকার বিশ্বজিৎ সিনহা নামে এক বাসিন্দার বাড়ি থেকে নগদ প্রায় তিন হাজার টাকা, সোনা-রুপোর অলংকার এবং অন্যান্য মূল্যবান জিনিসপত্র নিয়ে যায় চোরেরা। একই এলাকার বাসিন্দা অনিল চন্দ্রনাথের বাড়ি থেকেও নগদ বারোশো টাকা, সোনা ও রুপোর সামগ্রী চুরি হয়েছে বলে জানা গেছে। এছাড়াও শান্তি গোপাল দেবনাথের বাড়ি থেকে প্রায় পনেরো হাজার টাকা নগদ, একটি সোনার চেইন, অন্যান্য সোনার অলংকার এবং একটি মোবাইল ফোন নিয়ে পালায় দুষ্কৃতীরা।

 চড়ক মেলা থেকে বাড়ি ফিরে ঘরের দরজা-জানালার অবস্থা দেখে হতবাক হয়ে পড়েন বাড়ির সদস্যরা। ঘরের জিনিসপত্র এলোমেলো অবস্থায় পড়ে থাকতে দেখে তাঁদের চোখে যেন অন্ধকার নেমে আসে। স্থানীয়দের অভিযোগ, এলাকায় দীর্ঘদিন ধরেই  নিরাপত্তার অভাব রয়েছে। বড় কোনও অনুষ্ঠান বা মেলার সময় পুলিশি নজরদারি আরও বাড়ানোর দাবি তুলেছেন তারা। এক সন্ধ্যা রাতেই তিনটি বাড়িতে চুরির ঘটনায় আতঙ্কে রয়েছেন গোটা এলাকার মানুষ। বিষয়টি ধর্মনগর থানায় জানানো হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। ঘটনার গুরুত্ব বিবেচনা করে পুলিশ ডগ স্কোয়াডের সাহায্য নেয়। ডগ স্কোয়াড ঘটনাস্থলে পৌঁছে বিভিন্ন সূত্র সংগ্রহের কাজ শুরু করে। এ ঘটনায় ধর্মনগর থানায় একটি মামলা রুজু হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য