কলকাতা, ১৪ মে (হি.স.): ফের নজির গড়লেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আইনজীবীর পোশাকে বৃহস্পতিবার সকালে কলকাতা হাইকোর্টে পৌঁছন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোট পরবর্তী হিংসা মামলায় অত্যাচারের শিকার তৃণমূল কর্মীরা। সেই মামলায় সওয়াল-জবাবে অংশ নেবেন তিনি, এমনটাই জানা গিয়েছে।
নির্বাচন-পরবর্তী হিংসা সংক্রান্ত জনস্বার্থ মামলার শুনানিতে প্রধান বিচারপতি সুজয় পালের এজলাসে সওয়াল-জবাবে অংশ নিতে আইনজীবীর বেশে কলকাতা হাইকোর্টে আসেন প্রাক্তন মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই আবেদনটি করেছেন তৃণমূল নেতা ও আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ছেলে শীর্ষান্য বন্দ্যোপাধ্যায়। আশা করা হচ্ছে, তিনি মামলার কার্যপ্রণালীর বিভিন্ন দিক নিয়ে প্রশ্ন তুলবেন।

