বাড়িজাতীয়অরুণাচলে গন্ডারের শিং পাচারচক্র ফাঁস, উদ্ধার প্রায় ১.২০ কোটি টাকার শিং, গ্রেফতার...

অরুণাচলে গন্ডারের শিং পাচারচক্র ফাঁস, উদ্ধার প্রায় ১.২০ কোটি টাকার শিং, গ্রেফতার চার

ইটানগর, ১৩ মে (হি.স.) : অরুণাচল প্রদেশের পাপুম পারে জেলার হলঙ্গি এলাকায় বন দফতর ও বালিজান পুলিশের যৌথ অভিযানে গন্ডারের শিং পাচারচক্রের পর্দাফাঁস হল। অভিযানে সন্দেহভাজন গন্ডারের শিং-সহ চার জনকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার হওয়া শিংটির আন্তর্জাতিক বাজারমূল্য প্রায় ১ কোটি ২০ লক্ষ টাকা বলে দাবি তদন্তকারীদের।

বুধবার হলঙ্গি রেঞ্জের বন আধিকারিক নবম রাকেশ বুধবার জানান, কিছু পাচারকারী গন্ডারের সন্দেহভাজন শিং বিক্রির পরিকল্পনা করছে বলে গোপন সূত্রে খবর পাওয়া যায়। সেই তথ্যের ভিত্তিতে আধিকারিকরা ক্রেতা সেজে পাচারকারীদের সঙ্গে যোগাযোগ করেন এবং অসম-অরুণাচল সীমান্তবর্তী হলঙ্গিতে সাক্ষাতের পরিকল্পনা করা হয়।

তিনি জানান, প্রথম বৈঠক সফল হয়নি। পরে মঙ্গলবার ( ১২ মে )হলঙ্গি নদী এলাকায় দ্বিতীয় বৈঠকের আয়োজন করা হয়। সেই সময় দুই সন্দেহভাজনকে আটক করা হয়। তাদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে মূল পাচারকারীর বাড়িতে তল্লাশি চালিয়ে একটি সন্দেহভাজন গন্ডারের শিং উদ্ধার করা হয়।

বন দফতরের দাবি, অভিযুক্তরা শিংটি প্রায় ১.২০ কোটি টাকায় বিক্রির পরিকল্পনা করেছিল। অভিযানের পর চার অভিযুক্তকে পরবর্তী তদন্তের জন্য বালিজান পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। ধৃতদের নাম হেমন্ত দাস, রোমেন কলি, হামরজিত নারজারি ও অজয়সিং দেওমারি। সকলেই অসমের বিশ্বনাথ জেলার বাসিন্দা বলে জানা গিয়েছে।

পাপুম পারে জেলার পুলিশ সুপার তারু গুসার সফল অভিযানের জন্য পুলিশ ও বন দফতরের দলকে অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, “এই সন্দেহভাজন গন্ডারের শিং ইটানগরে পৌঁছে গেলে স্থানীয় মানুষ প্রতারণার শিকার হতে পারতেন।” পুলিশ সুপার আরও জানান, হেমন্ত দাস একজন পেশাদার শিকারি ও পাচারকারী। তার বিরুদ্ধে বন্যপ্রাণ সংক্রান্ত একাধিক মামলা রয়েছে। সম্প্রতি অসমের একটি জেল থেকে বন্যপ্রাণ সংক্রান্ত মামলায় জামিনে মুক্তি পেয়েছিল সে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য