স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১২ মে : পিস্তল কাণ্ডে আবারো সংবাদ শিরোনামে বিশালগড়। এবার কোন ঠিকাদারি কিংবা মাফিয়া কান্ডে পিস্তল ব্যবহারের ঘটনা সামনে আসেনি, এবার সামনে এসেছে রাজনৈতিক কারণ। বিরোধী দলের দুই কর্মীর উপর অতর্কিত হামলা চালায় শাসক দলের দুষ্কৃতিকারীরা বলে অভিযোগ। এই ঘটনা বিশালগড় কড়ইমুড়া কবরস্থান সংলগ্ন বাঁশ ঝাড়ের নিচে। এই অস্ত্রের ঝলকানির ঘটনা সংঘটিত হয় সোমবার রাতের বেলা। সিপিআইএমের দুই কর্মী বাজার থেকে টিফিন খেয়ে বাড়ি ফেরার সময় বাইক আটকে পিস্তল উচিয়ে প্রানে মেরে ফেলার হুমকি দেয় বলে অভিযোগ। আহতরা হলেন এস এফ আই -র বিভাগীয় কমিটির সম্পাদক হিমাদ্রি শেখর ঘোষ এবং সিপিআইএম অঞ্চল কমিটির সদস্য মোশারফ হোসেন।
তাদের অভিযোগ তারা বিরোধী দলের সমর্থক বলে তাদের বাইক আটকে বেধড়ক মারধর করা হয়। পরে পিস্তল তাদের মাথার পেছনে ধরে প্রানে মারার হুমকি দেয়। শেষ পর্যন্ত প্রাণে বাঁচার জন্য কড়ইমুড়া বিদ্যালয়ের এক শিক্ষকের বাড়িতে গিয়ে আত্ম গোপন করে দুজন। খবর দেওয়া হয় দমকল কর্মীদের। দমকল কর্মীরা ঘটনাস্হলে পৌছে তাদের উদ্ধার করে নিয়ে যায় বিশালগড় মহকুমা হাসপাতালে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের প্রাথমিক চিকিৎসা করে রেফার করেন জিবি হাসপাতালে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। উল্লেখ্য, বিশালগড়ে পিস্তল সহ অস্ত্রের ঝলকানি চলছে। তা আর বলার অপেক্ষা রাখে না। আইনশৃঙ্খলা প্রশ্নের মুখে ঠেলে দিচ্ছে অপরাধমূলক কার্যকলাপ। আর ঠান্ডা মাথায় বসে অপরাধমূলক কার্যকলাপ রাজ্যের হ্রাস পেয়েছে বলে প্রমাণ করার চেষ্টা করছে রাজ্য পুলিশের আধিকারিকরা।

