গুয়াহাটি, ৬ মে (হি.স.) : রাজ্যপাল লক্ষ্মণপ্রসাদ আচার্যের হাতে মুখ্যমন্ত্রী পদে ইস্তফাপত্র জমা দিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা। আজ বুধবার নবনির্বাচিত বিধায়ক ডা. রণোজ পেগু সহ কয়েকজনকে সঙ্গে নিয়ে লোকভবনে গিয়ে রাজ্যপাল লক্ষ্মণপ্রসাদ আচার্যের হাতে আনুষ্ঠানিকভাবে তাঁর পদত্যাগপত্র জমা দিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব।
পদত্যাগপত্র জমা দিয়ে লোকভবনের বাইরে এসে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী ড. শর্মা বলেন, ‘আমি মাননীয় রাজ্যপাল শ্রী লক্ষ্মণ প্রসাদ আচার্যের সঙ্গে সাক্ষাৎ করার সৌভাগ্য লাভ করেছি। তাঁর সঙ্গে সাক্ষাৎ করে মুখ্যমন্ত্রী পদ থেকে আমার পদত্যাগপত্র পেশ করে পঞ্চদশ (১৫-তম) অসম বিধানসভা ভঙ্গের অনুরোধ জানিয়ে নয়া সরকার গঠনের প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু করেছি।’
তিনি বলেন, ‘মাননীয় রাজ্যপাল আমাকে নয়া সরকার দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত কেয়ারটেকার মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে যেতে অনুরোধ করেছেন। …আগামী দিনগুলিতে এনডিএ ৩.০ সরকার গঠনের প্রস্তুতির সময় আমরা তাঁর দিকনির্দেশনা ও পরামর্শের প্রত্যাশায় রয়েছি।’
প্রসঙ্গত, এর আগে আজ সকালে মুখ্য নির্বাচন আধিকারিক অনুরাগ গোয়েল তাঁর দফতরের এক প্রতিনিধি দলকে সঙ্গে নিয়ে লোক ভবনে গিয়ে রাজ্যপাল লক্ষ্মণপ্রসাদ আচার্যের সঙ্গে সাক্ষাৎ করে সদ্যসমাপ্ত অসম বিধানসভা নির্বাচনের ফলাফলের তালিকা জমা দিয়েছেন।
সাংবিধানিক এই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর এখন রাজ্যপাল সরকার গঠনের জন্য আলোচনা শুরু করতে চলেছেন বলে জানা গেছে।
শাসক জোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে ড. হিমন্তবিশ্ব শর্মাকে আবারও বিজেপি বিধায়ক দলের নেতা হিসেবে নির্বাচিত করা হবে বলে আশা করা হচ্ছে। বিজেপির নবনির্বাচিত বিধায়কদের এক বৈঠক খুব শীঘ্রই ডাকা হবে। বৈঠকে কেন্দ্রীয় পর্যবেক্ষক জেপি নাড্ডা এবং বৈজয়ন্তজয় পাণ্ডার তত্ত্বাবধানে বিধায়ক দলের নেতা নির্বাচন প্রক্রিয়া চূড়ান্ত করা হবে। এর পর রাজ্যপাল এনডিএ-কে সরকার গঠনের জন্য আমন্ত্রণ জানাবেন।

