স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৫ মে : পাঁচ রাজ্যের নির্বাচন শেষ হতেই একলাফে বাণিজ্যিক গ্যাসের মূল্য বৃদ্ধি পেয়েছে ৯৯৪ টাকা। তারপরেই রান্নার গ্যাসের সিলিন্ডারের মধ্যে থাবা বসিয়ে চলেছে অসাধু ব্যবসায়ী মহল। কুম্ভ নিদ্রায় আচ্ছন্ন রাজ্যের খাদ্য দপ্তর থেকে শুরু করে বিভিন্ন মহকুমা প্রশাসন। বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানে ব্যবহার করা হচ্ছে রান্নার গ্যাসের সিলিন্ডার। যার ফলে আকাল তৈরি হচ্ছে এজেন্সি গুলির মধ্যে।
দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। তেলিয়ামুড়ার বিভিন্ন হোটেল, রেস্তোরায় বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের পরিবর্তে বাড়ি ঘরের রান্নার সিলেন্ডার ব্যবহার চলছে। এই বিষয়ে এজেন্সি গুলির কাছে জানতে চাইলে তারা জানান, খাদ্য দপ্তরের কোন নজরদারি তাদের নজরে পড়ছে না। দিকে দিকে একটাই বক্তব্য রান্নার গ্যাসের কালোবাজারি চলছে। সিলেন্ডার বুক করার পর চার থেকে পাঁচ দিন কেটে যাচ্ছে, অথচ সিলেন্ডার মিলছে না। অনেককে আবার হোটেল থেকে গিয়ে খাবার ক্রয় করে খেতে হচ্ছে। এদিকে তেলিয়ামুড়ার ব্যবসায়ীরা জানান, গত মাস দেড়েক ধরে তেলিয়ামুড়া এজেন্সির মধ্যে বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডার পাচ্ছে না। তাই তারা রান্নার গ্যাসের সিলিন্ডার ব্যবহার করে ব্যবসা করে চলেছেন। এদিকে ব্যবসায়ীদের বাড়বাড়ান্তে ভুক্তভোগী সাধারণ মানুষ। অথচ মাঠে ময়দানে নেই মহকুমা প্রশাসন এবং খাদ্য দপ্তর।

