স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৬ এপ্রিল : রবিবার আছড়ে পড়ল কালবৈশাখী ঝড়। রবিবার এই ঝড়ের তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়লো ধর্মনগর শহর। প্রবল ঝড় ও দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টির প্রভাবে শহরের বিভিন্ন জায়গায় ভেঙে পড়েছে গাছ, ক্ষতিগ্রস্ত হয়েছে দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান, বিপর্যস্ত হয়ে পড়েছে স্বাভাবিক জনজীবন। অফিস টিলা এলাকায় ঝড়ের তীব্রতায় একটি খাবারের দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝড়ের দাপটে দোকানের কাঠামো ভেঙে পড়ে ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ী।
অন্যদিকে, জুরি ব্রিজ সংলগ্ন এলাকাতেও দুটি দোকান ঝড়ের তাণ্ডবে ভেঙে চুরমার হয়ে যায়। মুহূর্তের মধ্যেই স্বাভাবিক পরিবেশ পরিণত হয় ধ্বংসস্তূপে, আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয়দের মধ্যে। এছাড়া দীঘল বাঁক এলাকায় একটি বিশাল গাছ ভেঙে পড়ে রাস্তায়, যার ফলে কিছু সময়ের জন্য যান চলাচল সম্পূর্ণভাবে ব্যাহত হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দমকল কর্মীরা গাছটি কেটে রাস্তা পরিষ্কার করে। ছুটির দিনে প্রাকৃতিক দুর্যোগে ধর্মনগরের একাধিক এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রায় চরম ভোগান্তি নেমে এসেছে। প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানা গেছে। যদিও ক্ষতিগ্রস্তদের সহায়তায় দ্রুত পদক্ষেপের দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দারা।

