বাড়িজাতীয়গুয়াহাটিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় হত তিন তরুণী, ফেরার সুইফট-এর চালক আগরতলার বাসিন্দা...

গুয়াহাটিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় হত তিন তরুণী, ফেরার সুইফট-এর চালক আগরতলার বাসিন্দা সামিম

গুয়াহাটি, ২৬ এপ্রিল (হি.স.) : আজ রবিবার ভোরে গুয়াহাটির মঠঘরিয়া এলাকায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তিন তরুণীর মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় নিহত তিন তরুণীকে পূজা সাহা (২৬), আকাঙ্ক্ষা শইকিয়া (২৩) এবং আরমিনা আহমেদ বলে শনাক্ত করা হয়েছে।

গুয়াহাটি মহানগর ট্রাফিক পুলিশ সংবাদ মাধ্যমকে জানিয়েছে, দুর্ঘটনাটি আজ (রবিবার) ভোর প্রায় ৪-টা ২০ মিনিটে ঘটেছে। গীতানগর দিক থেকে আগত এএস ০১ জিপি ০৫৬২ নম্বরের দ্রুতগতির মারুতি সুইফট গাড়ি মঠঘরিয়ায় গেট হাসপাতালের কাছে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে প্রচণ্ড ধাক্কা মারে। সুইফট গাড়িতে করে লখরা থেকে আসছিলেন তিন তরুণী। ভয়াবহ দুর্ঘটনায় দুই তরুণীর ঘটনাস্থলে এবং একজনের গৌহাটি মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। নিহত তিনজনের মৃতদেহ মেডিক্যালের মর্গে রাখা হয়েছে।

এদিকে দুর্ঘটনা সংঘটিত করে গাড়ির চালক পালিয়ে গেছে। পলাতক চালকের নাম সামিম আহমেদ। তার মোবাইল ফোনও বন্ধ। সামিমের বাড়ি আগরতলায়। তিনি গুয়াহাটির জয়ানগরে থাকতেন। সামিম নাকি পূজার সহপাঠী ছিলেন। জানা গেছে, তিনি একটি ট্রাভেল এজেন্সি থেকে গাড়িটি ভাড়া নিয়েছিলেন। এই তথ্য মহানগর ট্রাফিক পুলিশ সংবাদ মাধ্যমকে জানিয়েছে। গাড়িটির মালিক ধেমাজির বলে ট্রাফিক পুলিশ জানিয়েছে।

এদিকে অন্য সূত্র জানিয়েছে, গত রাতে তারা মাছখোয়ায় প্ৰাগজ্যোতি সাংস্কৃতিক প্ৰকল্প-এ মনোহর শেঠ-এর কমেডি শো দেখতে গিয়েছিলেন।

পুলিশের কাছে জানা গেছে, দুর্ঘটনায় নিহত আকাঙ্ক্ষা শইকিয়া এবং পূজা সাহা গুয়াহাটির রয়্যাল গ্লোবাল বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন বিভাগে কর্মরত ছিলেন। আকাঙ্ক্ষা প্রায় ১০ মাস আগে ওই বিশ্ববিদ্যালয়ে যোগদান করেছিলেন।

আকাঙ্ক্ষার বাড়ি চড়াইদেও জেলার সাপেখাতিতে। পূজা সাহার মূল বাড়ি গোয়ালপাড়ার কৃষ্ণাইয়ের জ্যোতিনগরে। পূজার বাবা কর্মসূত্রে মেঘালয়ের উইলিয়ামনগরে বাস করেন। সেই সুবাদে তিনি সেখানেই পড়াশোনা করেছিলেন। আরমিনা আহমেদের বাড়ি বরপেটায়। জানা গেছে, তাঁর বাবা ভারতীয় সেনাবাহিনীর একজন জওয়ান।

আকাঙ্ক্ষা শইকিয়া ২০২৫ সালে সোনারি কলেজ থেকে প্রাণীবিদ্যায় স্নাতক ডিগ্রি অর্জন করেন। তিনি কলেজ ছাত্র সংসদের ম্যাগাজিন সম্পাদকও ছিলেন। আরমিনা আহমেদ আসাম ডাউন টাউন বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের বি.টেক ছাত্রী ছিলেন।

মঠঘরিয়ার দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন ডিসিপি জয়ন্ত সারথি বরা। কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে, তা খতিয়ে দেখেন তিনি। ডিসিপি জয়ন্ত সারথি জানান, নুনমাটি ট্রাফিক পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গাড়ির ভিতর থেকে তিন তরুণীকে উদ্ধার করে। তাদের মধ্যে দুজনের ঘটনাস্থলেই মৃত্যু হয়। একজন গুরুতর আহত অবস্থায় ছিলেন। আহত তরুণীকে সংকটজনক অবস্থায় গৌহাটি মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলেও চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়, জানান ডিসিপি বরা।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য