স্যন্দন ডিজিটেল ডেস্ক ২৩ এপ্রিল : গোপন সূত্রের ভিত্তিতে ত্রিপুরা পুলিশের একাধিক গোয়েন্দা শাখার যৌথ অভিযানে আগরতলা রেল স্টেশন থেকে প্রায় ৫৯ লক্ষ ৯৫ হাজার ৫০০ টাকা সহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, কয়েক কোটি টাকার নেশা সামগ্রী নিয়ে এক ব্যক্তি কলকাতাগামী ট্রেনে পাড়ি দিতে পারে—এমন খবর পেয়ে আগে থেকেই ওত পেতে বসে ছিল পুলিশের স্পেশাল ব্রাঞ্চ, নারকোটিক্স শাখা এবং আগরতলা জিআরপি থানার দল।
সকাল প্রায় ৭টা ১০ মিনিট নাগাদ একটি কালো রঙের স্করপিও গাড়ি স্টেশনের প্রবেশপথে এসে থামে। গাড়িটিতে “জেলা ফরেস্ট অফিসার, দক্ষিণ ত্রিপুরা” লেখা ছিল। গাড়িতে ফরেস্ট ড্রেস পরিহিত এক ব্যক্তি উপস্থিত ছিলেন।
গাড়ি থেকে নামার পর সন্দেহভাজন ব্যক্তিকে সাদা পোশাকের পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করে। তার কাছে থাকা দুটি ব্যাগের মধ্যে একটি খুলে দেখালেও অন্যটি খুলতে অস্বীকার করে। এরপর তাকে জিআরপি থানায় নিয়ে যাওয়া হয়।
এদিকে, গাড়িটিকে থানায় নিয়ে আসার নির্দেশ দেওয়া হলেও সেটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়, যা নিয়ে রহস্য আরও ঘনীভূত হয়েছে।
পরে উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি চালান। ব্যাগ থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ নগদ অর্থ। গণনা করে দেখা যায়—
৫০০ টাকার নোট: ১১,৮৯৯টি
২০০ টাকার নোট: ২০০টি
১০০ টাকার নোট: ১০০টি
মোট অর্থের পরিমাণ দাঁড়ায় ৫৯ লক্ষ ৯৫ হাজার ৫০০ টাকা। প্রাথমিকভাবে পরীক্ষা করে দেখা গেছে, সব নোটই আসল, কোনও জাল নোট নেই।
আটক ব্যক্তির নাম রাজেন্দ্র চিন্তামণ কাঁকচিলা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি মহারাষ্ট্রের বাসিন্দা বলে দাবি করেছেন।
এত বিপুল পরিমাণ নগদ অর্থ নিয়ে তার কলকাতায় যাওয়ার উদ্দেশ্য কী ছিল, এবং দক্ষিণ জেলার বন বিভাগের সঙ্গে তার কী সম্পর্ক—এই সব বিষয় খতিয়ে দেখছে ত্রিপুরা পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারা।

