নয়াদিল্লি, ১৭ এপ্রিল (হি.স.): ভারতের উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন রবিবার দু’দিনের সফরে শ্রীলঙ্কা যাবেন। শুক্রবার বিদেশ মন্ত্রক জানিয়েছে, এটা শ্রীলঙ্কায় তাঁর প্রথম দ্বিপাক্ষিক সফর। শ্রীলঙ্কার রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর সাক্ষাতের কথা রয়েছে।
বিদেশ মন্ত্রক সূত্রে জানা গেছে, এই সফরে উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন সাক্ষাৎ করবেন শ্রীলঙ্কার রাষ্ট্রপতি অনুরা কুমারা দিসানায়েকের সঙ্গে। পাশাপাশি, সেদেশের প্রধানমন্ত্রী ড. হরিণী অমরসূর্য এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ ও প্রবাসী ভারতীয়দের সঙ্গেও সাক্ষাৎ করবেন।
উল্লেখ্য, দুই দেশের মধ্যে সাম্প্রতিক উচ্চপর্যায়ের বৈঠকের পর উপরাষ্ট্রপতির এই শ্রীলঙ্কা সফর ভারত ও শ্রীলঙ্কার মধ্যে শতাব্দীপ্রাচীন সম্পর্ককে আরও শক্তিশালী করবে।

