আগরতলা, ১৭ এপ্রিল (হি.স.) : ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি) নির্বাচনে ইতিহাস গড়ল তিপ্রা মথা পার্টি। শুক্রবার ঘোষিত চূড়ান্ত ফলাফলে ২৮টি আসনের মধ্যে ২৪টি আসন জিতে বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে দলটি।
অন্যদিকে, ভারতীয় জনতা পার্টি (বিজেপি) মাত্র চারটি আসনে জয়লাভ করতে সক্ষম হয়েছে। সিপিআই(এম), কংগ্রেস এবং অন্যান্য রাজনৈতিক দলগুলি এই নির্বাচনে কার্যত কোনও প্রভাব ফেলতে পারেনি।
এই ঐতিহাসিক জয়ের পর দলীয় কর্মী-সমর্থকদের উদ্দেশে বার্তা দেন তিপ্রা মথার প্রতিষ্ঠাতা তথা রাজপরিবারের উত্তরসূরি প্রদ্যোত কিশোর মানিক্য দেববর্মা। তিনি বিজয়ী প্রার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, “এই জয় শুধুমাত্র রাজনৈতিক সাফল্য নয়, এটি মানুষের আস্থা ও প্রত্যাশার প্রতিফলন। সেই কারণে এই জয়ের সঙ্গে দায়িত্ব, সততা এবং ন্যায়পরায়ণতা বজায় রাখা অত্যন্ত জরুরি।”
তিনি স্পষ্টভাবে নির্বাচন-পরবর্তী হিংসার বিরুদ্ধে সতর্কবার্তা দিয়ে বলেন, যেকোনও ধরনের অশান্তি তিপ্রাসা তথা আদিবাসী সমাজের ক্ষতি করবে। “জয়-পরাজয় গণতন্ত্রের স্বাভাবিক অংশ, কিন্তু তা যেন আমাদের মধ্যে বিভাজন সৃষ্টি না করে।”
প্রদ্যোত সকল রাজনৈতিক মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান। তিনি বলেন, “বিজয়ের প্রকৃত অর্থ হল ভালোবাসা, ঐক্য এবং সম্মিলিত উন্নয়ন। আমাদের লক্ষ্য হওয়া উচিত আগামী প্রজন্মের জন্য একটি উন্নত ও সুস্থ সমাজ গড়ে তোলা।”
উল্লেখ্য, গত ১২ এপ্রিল অনুষ্ঠিত এই নির্বাচনে মোট ২৮টি আসনে ১৭৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। প্রায় ৮৩ শতাংশ ভোটার তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেন, যা অত্যন্ত উৎসাহব্যঞ্জক বলে মনে করা হচ্ছে। শুক্রবার সকাল ৮টা থেকে রাজ্যের ১৭টি গণনা কেন্দ্রে কড়া নিরাপত্তার মধ্যে ভোট গণনা শুরু হয়। নির্ধারিত নিয়ম মেনে প্রথমে ভিভিপ্যাট স্লিপ যাচাই এবং পরে ইভিএম-এর মাধ্যমে চূড়ান্ত গণনা সম্পন্ন হয়।

