সোনামুড়া (ত্রিপুরা), ১৬ এপ্রিল (হি.স.) : ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি) নির্বাচনের ভোটগ্রহণের দিন সিপাহীজলা জেলার বক্সনগরে একটি ভোটকেন্দ্রকে ঘিরে সংঘটিত হিংসার ঘটনায় বিজেপি বিধায়ক তফাজ্জল হোসেনসহ মোট ৩৫ জনের বিরুদ্ধে কলমচৌড়া থানায় এফআইআর দায়ের করা হয়েছে। ঘটনাটি ঘিরে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগটি দায়ের করেছেন তিপ্রা মথা দলের সদস্য অভিরাম দেববর্মা। বর্তমানে তিনি বিশ্রামগঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন।
অভিযোগকারীর দাবি, ঘটনার দিন বিধায়ক তফাজ্জল হোসেন প্রায় ২০০ জন সমর্থককে সঙ্গে নিয়ে হঠাৎ করেই সংশ্লিষ্ট ভোটকেন্দ্রে উপস্থিত হন। এর ফলে সেখানে উত্তেজনা চরমে ওঠে এবং পরিস্থিতি দ্রুত অবনতি ঘটে।
এফআইআর-এ উল্লেখ করা হয়েছে, ওই সময় ভোটকেন্দ্রের আশপাশে বোমা নিক্ষেপের ঘটনা ঘটে। তিপ্রা মথার পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, পরিকল্পিতভাবে ভোটগ্রহণ প্রক্রিয়াকে প্রভাবিত করার উদ্দেশ্যে এই হামলা চালানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে হস্তক্ষেপ করলে অভিযুক্তরা দ্রুত সেখান থেকে পালিয়ে যায় বলে অভিযোগ।
ঘটনার পর এলাকায় অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়ছিল এবং পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে। তবে ঘটনার জেরে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
পুলিশ সূত্রে খবর, ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং অভিযুক্তদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। ঘটনার সঙ্গে যুক্তদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে।

