স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১০ এপ্রিল: সরব প্রচারের শেষ দিন জনগণের মন জয় করতে প্রচারে ঝড় তুললেন মনোনীত প্রার্থীরা। শুক্রবার বিজেপি, সিপিআইএম এবং কংগ্রেসের পক্ষ থেকে এই প্রচার লক্ষ্য করা যায় রাজ্যের পাহাড়ে। পাহাড় দখল করতে যে এক প্রকার ভাবে সবকটি রাজনৈতিক দল মরিয়া সেটা বুঝা গেছে এদিনের নির্বাচনী প্রচারে। এদিন ২০ নং কিল্লা বাগমা আসনের প্রার্থী অমর জমাতিয়ার সমর্থনে জয়িং ময়দান থেকে একটি সুবিচার বাইক মিছিল বের হয়। মিছিলটির বিভিন্ন পথ পরিক্রমা করে। মিছিলে উপস্থিত প্রদেশ বিজেপি সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য বলেন আসন্ন এডিসি নির্বাচনে ট্রিপল ইঞ্জিনের সরকার গড়তে চলেছে ভারতীয় জনতা পার্টি।
এতে কোন সন্দেহের অবকাশ নেই। উন্নয়নকে লক্ষ্য করে সরকার কাজ করে চলেছে বলে দাবি করেন তিনি। অপরদিকে সরব প্রচারের শেষ দিনে রোড শো করলো মান্দাই বিজেপি এডিসির ১৬ মান্দাইনগর-পুলিনপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী রাজেশ দেববর্মার সমর্থনে। এই রোড শো এডিসি-র মান্দাই কেন্দ্রের অন্তর্গত চম্পকনগর থেকে শুরু হয়ে বলরাম ঠাকুর, বেলবাড়ী, মোহনপুর হয়ে পুনরায় চম্পকনগরে এসে শেষ হয়। রোড শো শেষে চম্পকনগর কমিউনিটি হলে দলীয় নেতা কর্মীদের নিয়ে একটি সাংগঠনিক বৈঠকে মিলিত হন বিজেপি প্রার্থী রাজেশ দেববর্মা, অবজারভার বিশ্বজিৎ শীল, সুকান্ত ঘোষ সহ অন্যান্যরা। এই সময় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া দিয়ে গিয়ে বিজেপি প্রার্থী রাজেশ দেববর্মা বলেন তিনি প্রচারে যেখানেই গিয়েছেন ব্যাপক সাড়া পেয়েছেন, জয় নিশ্চিত কোনো সন্দেহ নেই এবং এডিসির ক্ষমতায় বিজেপি আসছে। তাই ১২ এপ্রিলকে সামনে রেখেই এই রোড শো ও সাংগঠনিক বৈঠক। এদিকে শুক্রবার সাব্রুম মহকুমার অন্তর্গত বৈষ্ণবপুর বাজারে সাপ্তাহিক বাজারকে হাতিয়ার করে বিভিন্ন রাজনৈতিক দল তাদের শেষ প্রচারে শামিল হয়। শুক্রবার বৈষ্ণবপুর বাজারে প্রথমে সিপিআইএম প্রার্থী উচাথৈই মগে সমর্থনে সিপিএম নেতৃত্বরা বাজারের বিভিন্ন পথ অতিক্রম করে পথসভায় শামিল হয়। এ পথ সভায় উপস্থিত ছিলেন সিপিআইএম ২৮ শিলাছড়ি মনুবনকুল কেন্দ্রের প্রার্থী উচাথৈই মগ। সিপিআইএম সাব্রুম বিভাগীয় কমিটির সদস্য চিত্তরঞ্জন বসাক, সিপিএম দক্ষিণ জেলা সম্পাদক তাপস দত্ত সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ।
মনোনীত প্রার্থী বলেন, তিনি আশাবাদী গণদেবতারা তাকে ভোট দানের মাধ্যমে জয়ী করে এডিসি এলাকার উন্নয়নের জন্য সুযোগ করে দেবে। এদিন আসন্ন এডিসি নির্বাচনে কংগ্রেসের মনোনীত প্রার্থী সূর্য লাল চাকমার সমর্থনে নির্বাচনী প্রচারে অংশ নেন। ছামনু লালছড়া বাজারে এক বাজার সভার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন ছামনুর নব নিযুক্ত অবজারভার নীলকমল সাহা। সভা শেষে ছামনুতে ৭ পরিবারের ১২ জন ভোটার সিপি এম দল ত্যাগ করে জাতীয় কংগ্রেস দলে যোগদান করেন।

