স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৮ এপ্রিল : সোনামুড়ার পর এবার মেলাঘরে ডাকাতি। সম্প্রতি বাশপুকুর এলাকায় ঘটে যাওয়া ডাকাতির রেশ কাটতে না কাটতেই ফের একই ঘটনা মেলাঘর থানার অন্তর্গত পংবাড়ি বাগাইয়াটিলা এলাকায়। পরপর এমন ঘটনায় গোটা এলাকাজুড়ে তৈরি হয়েছে চরম আতঙ্ক ও উদ্বেগ। জানা যায় মঙ্গলবার গভীর রাতে আনুমানিক রাত দুটো নাগাদ ৭ থেকে ৮ জনের ডাকাত দল দা, লাঠি এবং আগ্নেয়াস্ত্র নিয়ে বিশ্বজিৎ সাহার বাড়িতে হানা দেয়। প্রথমে তারা ঘরের দরজা ভাঙার চেষ্টা করে।
শব্দ পেয়ে বাড়ির মালিক দরজা খুলে পরিস্থিতি বোঝার আগেই ডাকাতরা জোর করে ঘরে ঢুকে পড়ে।
অভিযোগ এরপর দুষ্কৃতীরা বিশ্বজিৎ সাহাকে মারধর করে এবং তার গলায় দাও ও ছুরি ঠেকিয়ে ঘরে থাকা মূল্যবান জিনিসপত্র খুজতে থাকে। তারপর তার স্ত্রীর গলার স্বর্ণের চেইন, কানের দুল এবং ঘরে থাকা প্রায় আড়াই হাজার টাকা লুট করে নিয়ে যায় ডাকাতরা। ঘটনার পর মেলাঘর থানায় খবর দেওয়া হলেও, পুলিশ বুধবার সকাল পর্যন্ত বাড়িতে যায়নি বলে দাবি পরিবারের। তাদের অভিযোগ পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে কর্মী সংকট এবং নির্বাচনী দায়িত্বে ব্যস্ততার কারণে তাৎক্ষণিকভাবে যাওয়া সম্ভব হয়নি। ঘটনায় প্রশ্ন উঠছে সোনামুড়া মহকুমায় একের পর এক ডাকাতির ঘটনা সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় এবং কেন এখনও পর্যন্ত দুষ্কৃতীদের ধরতে পারছে না পুলিশ। এখন দেখার বিষয়, প্রশাসন কতটা দ্রুত ব্যবস্থা গ্রহণ করে। এই ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করতে সক্ষম হয় কিনা।

