স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৮ এপ্রিল : আসন্ন এডিসি নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারে কোনরকম খামতি রাখছেন না মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। রাজ্যের গ্রাম পাহাড়ে প্রচারে ঝড় তুলেছেন তিনি। মূলত এডিসির প্রধান শাসক দল তিপরা মথাকে দুর্নীতি, বিভ্রান্তিকর মন্তব্য সহ একাধিক বিষয় নিয়ে লক্ষ্য করে প্রতিদিন প্রচারে বের হয়ে সমালোচনার ঝড় তুলছেন তিনি। বুধবার ১৩ সিমনা তমাকারী আসনের বিজেপি মনোনীত প্রার্থী ইন্দ্রজিৎ দেববর্মা, ১৪ বোধজংনগর ওয়াকিনগর কেন্দ্রের বিজেপি প্রার্থী রণবীর দেববর্মা, ১৫ জিরানিয়া আসনের বিজেপি প্রার্থী অভিজিৎ দেববর্মা এবং ১৬ মান্দাই পুলিনপুর বিজেপি প্রার্থী রাজেশ দেববর্মার সমর্থনে রোড শো করলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। তিনি হুড খোলা গাড়ি দিয়ে প্রচার করেন দুর্গম এলাকায়।
মুখ্যমন্ত্রী বলেন, মানুষের সাড়া দেখে বোঝা যাচ্ছে আসন্ন এডিসি নির্বাচনে এবার ভারতীয় জনতা পার্টির সরকার হবে। এক কথায় ট্রিপল ইঞ্জিনের সরকার হবে। কারণ মানুষ ভারতীয় জনতা পার্টির উপর আস্থা রাখছে। বিশেষ করে মুখ্যমন্ত্রীর উপর। আগে এমনভাবে কোন মুখ্যমন্ত্রী দুর্গম এলাকায় যায়নি। এবারের নির্বাচনে মানুষের কাছে গিয়ে ভোট চাওয়া হচ্ছে বলে জানান মুখ্যমন্ত্রী। এদিন মুখ্যমন্ত্রীকে কাছে পেয়ে কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল বেশ লক্ষ্যণীয়। মুখ্যমন্ত্রী উপস্থিতিতে এদিনের রোড শো দুর্গম এলাকার বিভিন্ন এলাকা পরিক্রমা করে। মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী রতনলাল নাথ সহ অন্যান্য বিজেপি নেতৃত্বে। পরবর্তী সময় মুখ্যমন্ত্রী জিরানিয়া পুলিনপুরে একটি রোড শো করেন। সেখানে মুখ্যমন্ত্রী তিপ্রা মথাকে এক হাত নিলেন। মুখ্যমন্ত্রী বলেন, তিপ্রা মথার আসল চেহারা এই হল সাম্প্রদায়িকতা, গায়ের জোর, মানুষকে মারধর করা, ভয় ভীতি প্রদর্শন করা, আতঙ্ক সৃষ্টি করা। কিন্তু এগুলি দিন শেষ হয়ে গেছে। মানুষ শান্তি চায়। বর্তমান সরকার এই শান্তি এবং উন্নয়নের জন্যই কাজ করছে। আগামী দিন নতুন ত্রিপুরা গড়ে তোলা হবে। মুখ্যমন্ত্রী টিপ্পনির সুরে বলেন, তিনি যাত্রা করেন না। আজকাল যাত্রার দরকার হয়না। কিন্তু কয়েকজন যাত্রার মত নাটক করছে।

