স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৮ এপ্রিল : মঙ্গলবার রাতে কালবৈশাখী ঝড়ের তান্ডবে ব্যাপক ক্ষতিগ্রস্ত কমলপুর মহকুমার বামনছরা এলাকার নিরুদনাথ পাড়া। ঝড়ের তাণ্ডবে মুহূর্তের মধ্যে বিপর্যস্ত হয়ে পড়ে পুরো এলাকা।
প্রবল ঝড়ের দাপটে একের পর এক বিশাল গাছ উপড়ে পড়ে, চাপা পড়ে যায় একাধিক দোকানপাট। অনেক ব্যবসায়ীর চোখের সামনে তাদের জীবিকার একমাত্র অবলম্বন ভেঙে চুরমার হয়ে যায়। আতঙ্কে রাত কাটান এলাকাবাসী।
শুধু গাছ বা দোকানই নয়, বহু জায়গায় ঘরবাড়ির টিনের ছাউনি উড়ে যায়, বিদ্যুতের খুঁটি ক্ষতিগ্রস্ত হওয়ায় গোটা এলাকা অন্ধকারে ডুবে যায়। হঠাৎ এই দুর্যোগে কার্যত থমকে যায় জনজীবন।
বুধবার সকালে ক্ষয়ক্ষতির চিত্র সামনে আসে। ভাঙা কাঠ, ছিন্ন টিন, উপড়ে পড়া গাছ আর অসহায় মানুষের দীর্ঘশ্বাস। ক্ষতিগ্রস্তরা প্রশাসনের জরুরি সহায়তার জন্য আকুল আবেদন এলাকাবাসীর। এক রাতের তাণ্ডবেই যেন বদলে গেল নিরুদনাথ পাড়া সহ বিভিন্ন এলাকার চেহারা। এখন দেখার বিষয় প্রশাসন কত দ্রুত সহযোগিতার কাজে হাত লাগায়।

