স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৬ এপ্রিল : ডুম্বুরনগর ব্লকের অধীন সি.এস.পি কর্মীরা বেতন না পাওয়ায় ক্ষোভে ফেটে পড়েছেন সোমবার। এদিন প্রায় ২০০ জন মহিলা কর্মী ব্লক অফিসে তালা ঝুলিয়ে প্রতিবাদে সামিল হয়। তাদের অভিযোগ, গত সাত মাস ধরে তারা কাজ করলেও কোনো পারিশ্রমিক মিলছে না তাদের। বিষয়টি একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।
ফলে বাধ্য হয়ে তারা এই কঠোর পদক্ষেপ গ্রহণ করেন। কর্মীদের দাবি, বকেয়া বেতন সম্পূর্ণ পরিশোধ না করা পর্যন্ত তাদের এই আন্দোলন চলবে এবং ব্লক অফিস তালাবদ্ধই থাকবে। কর্মীরা আরো জানান, আর কয়েকদিন বাদেই গড়িয়া পূজা এবং বিজু উৎসব। এই সময়ে তাদের বঞ্চনার শিকার হতে হচ্ছে। এমনকি তাদের ৪৫ দিনের কাজ অতিরিক্ত করানো হয়েছে। সেই কাজের জন্য অগ্রিম ৫০০০ টাকা দেওয়া হবে বলে জানানো হয়েছে। কিন্তু সেই টাকা পর্যন্ত তাদের দেয়নি। তারা আজকে তালা ঝুলিয়ে যখন প্রতিবাদ করছিল তখন তাদের বলা হয় ব্লক অফিসের তালা দিয়ে কোন কাজ হবে না জেলা আধিকারিকের অফিসে যাওয়ার জন্য। কিন্তু নিরুপায় বিক্ষোভকারীরা জানান, তারা অনেক দূর দুরান্ত থেকে এসে কাজ করেন। এই বেতন দিয়ে তাদের সংসার পরিচালনা হয়। তাই তারা প্রতিবাদে সামিল হয়েছেন।

