বাড়িখেলাপ্রয়াত আন্তর্জাতিক ফুটবলার গিলবার্টসন সাংমা

প্রয়াত আন্তর্জাতিক ফুটবলার গিলবার্টসন সাংমা

গুয়াহাটি, ৪ এপ্রিল (হি.স.) : চলে গেলেন আন্তর্জাতিক ফুটবলার গিলবার্টসন সাংমা। আজ শনিবার সকাল ৭-টায় গুয়াহাটির কাহিলিপাড়ায় অবস্থিত তাঁর নিজস্ব বাসভবনে সকাল শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে সাংমার বয়স হয়েছিল ৭২ বছর।

অসম ফুটবলের ‘গোল্ডেন বয়’ হিসেবে খ্যাত গিলবার্টসন সাংমা বেশ কিছুদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন। তাঁর মৃত্যুতে রাজ্য তথা দেশের ক্রীড়া জগতে এক বড় শূন্যতা তৈরি করেছে বলে মনে করছে অসমের ক্রীড়া জগৎ।

ভারতীয় ফুটবলের এক সম্মানিত ব্যক্তিত্ব হিসেবে সাংমা তাঁর অসাধারণ দক্ষতা, মাঠে নেতৃত্ব এবং অসমে ফুটবলের উন্নয়নে বিশাল অবদানের জন্য পরিচিত ছিলেন। বছরের পর বছর তিনি ভক্তদের ভালোবাসা অর্জন করেছেন, অসংখ্য তরুণ খেলোয়াড়কে করেছেন অনুপ্রাণিত।

১৯৫৪ সালে অসমের ডিব্রুগড়ে জন্মগ্রহণ করেন গিলবার্টসন সাংমা। ছোটবেলা থেকেই তিনি ফুটবলের প্রতি আগ্রহী ছিলেন। কমলা নাথ, সুবীর চৌধুরী এবং চন্দ্রমোহন গাঞ্জুর মতো তারকাদের দেখে তিনিও ফুটবলার হওয়ার স্বপ্ন দেখেছিলেন। সেই স্বপ্ন পূরণ হয় ১৯৭১ সালে। সে সময় তিনি আসাম পুলিশে যোগ দেন। দেড়গাঁওয়ে পুলিশ অ্যাকাডেমিতে প্রশিক্ষণকালে তিনি তাঁর আদর্শদের সঙ্গে থাকার সুযোগ পান।

এটাই ছিল তাঁর যাত্রার শুরু। ঈশ্বরপ্রদত্ত প্রতিভার জোরে তিনি আর পেছনে ফিরে তাকাননি। ১৯৭২ সাল থেকে আসাম পুলিশ দলের নিয়মিত খেলোয়াড় হয়ে ওঠেন।

১৯৭১ থেকে ১৯৮৭ সাল পর্যন্ত টানা ১৭ বছর তিনি দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিযোগিতায় অংশ নিয়ে অসংখ্য গোল করেছেন। এই দীর্ঘ সময়ে রাজ্যের সর্বত্র দর্শকদের মুগ্ধ করেছেন তারকা ফুটবলার গিলবার্টসন সাংমা। তিনি সন্তোষ ট্রফিতে অসম দলের অধিনায়কত্ব করেন। ১৯৭৫ সালে ভারতীয় দলকেও প্রতিনিধিত্ব করেছেন তিনি।

তাঁর প্রয়াণে ফুটবল তথা রাজ্যের ক্রীড়া মহলে শোকের ছায়া নেমে এসেছে। ফুটবল খেলায় তাঁর অবদান ও স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বিভিন্ন মহল থেকে শোকবার্তা জানানো হচ্ছে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য