স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৩ এপ্রিল : তিপরা মথা সকাল থেকে রাত পর্যন্ত শুধুমাত্র লুট করে চলেছে। সরকার থেকে যে অর্থ দেওয়া হচ্ছে সেগুলি কিভাবে লুট করা যায় সেই চিন্তা ধারা নিয়ে তারা এডিসি পরিচালনা করেছে। তারা জনজাতিদের উন্নয়নের কথা ভাবে না। শুধুমাত্র নিজেদের পকেট ভারি করার চিন্তা করে তিপরা মথা। জনগণের পয়সা দিয়ে বিদেশ ভ্রমণ করছে। এইগুলির সব তদন্ত হবে। শুধু ভারতীয় জনতা পার্টি এডিসিতে প্রতিষ্ঠিত হলেই। এক প্রকার ভাবে ইতিহাস তৈরি হবে বলে জানান মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা।
শুক্রবার ১৭ পেকুয়াজলা জন্মে জয়নগর কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী মজী দেববর্মার সমর্থনে গাবর্দি বাজারে আয়োজিত জনসমাবেশে এই কথা বলেন তিনি।তিপরা মথার হাই কমান্ডকে নিশানা করে মুখ্যমন্ত্রী বলেন, তিপরা মথার কাছে কোথা থেকে ফান্ড আসছে সেটা খবর আছে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকারের কাছে। মুখ্যমন্ত্রী আরও বলেন, কিভাবে মানুষকে ভোট দিতে না দেওয়া যায় তার জন্য পরিকল্পনা করছে তারা। কিন্তু সমস্ত বাধা উপেক্ষা করে সকাল সকাল যেন ভোটাররা ভোটকেন্দ্রে গিয়ে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেন। ভয়ের কিছু নেই। জেনে রাখতে হবে, যারা কাপুরুষ তারাই এ ধরনের কাজ করে। ভোটারদের মনে রাখতে হবে, আপনাদের সঙ্গে সরকার এবং নির্বাচন কমিশন রয়েছে। নির্ভয়ে ভোট দিতে যাবেন। মুখ্যমন্ত্রী আরো বলেন, মানুষকে বিভিন্নভাবে বিভ্রান্ত করতে চেষ্টা করছে মথা। বিশ্রামগঞ্জ এডিসির জমি নাকি নগর পঞ্চায়েত নিয়ে যাচ্ছে।
এভাবেই মানুষকে মিথ্যা কথা বলে ঠকায় তারা। কিন্তু বিজেপি এক রতি জমি পর্যন্ত এডিসি থেকে জবর দখল করে নি। আর যতদিন মানিক সাহা মুখ্যমন্ত্রী থাকবেন ততদিন এক রতির জমি পর্যন্ত এডিসি থেকে সাধারণ এলাকার জন্য জবরদখল করা হবে না। এদিন মুখ্যমন্ত্রীর সমাবেশের আগে বাজারের সমস্ত দোকানপাট বন্ধ করে দেয় তিপরা মথা বলে অভিযোগ। মুখ্যমন্ত্রী তাদের নিশানা করে বলেন গায়ের জোরে কখনো মানুষের সমর্থন পাওয়া যায় না। জন বিচ্ছিন্ন হয়ে তিপ্রা মথা এগুলি করছে। জন সমাবেশ থেকে মুখ্যমন্ত্রী সতর্ক করে দিলেন এদিন। অনুষ্ঠান শেষে মুখ্যমন্ত্রীর হাত ধরে বহু ভোটার বিজেপিতে যোগদান করেন। মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের উচ্চ শিক্ষা মন্ত্রী কিশোর বর্মন, যুব মোর্চার সভাপতি সুশান্ত দেব সহ অন্যান্যরা।

