স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১ এপ্রিল : বুধবার ২৭ পূর্ব মুহুরীপুর ভূরাতলী এডিসি কেন্দ্রের অন্তর্গত পংবাড়ী বাজার সংলগ্ন এলাকায় বিজেপি দলের এক নির্বাচনীসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ২৭ পূর্ব মুহুরীপুর ভূরাতলী আসনে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী অভিজিত ত্রিপুরার সমর্থনে এই সভা হয়। সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ তথা ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য, তিনি বক্তব্য রেখে বলেন, গত পাঁচ বছর এ ডি সি -তে তিপরা মথা দল আরামে – আয়াসে রাজ করেছে।
২০২১ সালের নির্বাচনে জয়ী হয়ে জনজাতি অংশের মানুষদের উন্নতির জন্য কাজ করার কথা ছিল। কিন্তু জনগণের জন্য কাজ করেনি। শিক্ষা পরিকাঠামো উন্নত করার কথা থাকলেও করেনি। অথচ, ডাবল ইঞ্জিনের সরকার এই রাজ্যে একুশটি একলব্য স্কুল স্থাপন করতে চলেছে। তিনি আরো বলেন আসন্ন স্বশাসিত জেলা পরিষদ নির্বাচনে জনজাতি অংশের মানুষের ভোটে এ ডি সি -তে সরকার গঠন করে বিজেপি। জনজাতিদের কৃষ্টি ও সংস্কৃতিকে অক্ষত রেখে জাতি ও জনজাতির মধ্যে সৌভ্রাতৃত্ব বন্ধনের সেতু তৈরি করে পরবর্তী দিনগুলিতে এডিসি পরিচালনা করবে বিজেপি। এদিন প্রদেশ সভাপতি রাজিব ভট্টাচার্যের হাত ধরে ২৯ পরিবারে ১৪০ জন তিপরা মথা এবং সিপিএম, কংগ্রেস দল ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে সামিল হয়।

