স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১ এপ্রিল : নির্বাচনের মুহূর্তে পুলিশের কড়া নিরাপত্তা ব্যবস্থা থাকার পরেও নিয়ন্ত্রণে আনতে পারছে না চুরির ঘটনা। এবার এক জুয়েলারি দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা আতঙ্ক সৃষ্টি করেছে ব্যবসায়ীদের মনে। ঘটনা চোরাইবাড়ি স্বামী বিবেকানন্দ রোডে সম্রাট জুয়েলার্সে।
দোকানের মালিকের নাম সুমিত দে। দোকানের ম্যানেজার উত্তম কুমার ধর জানান, বুধবার সকাল প্রায় নয়টার নাগাদ তিনি দোকান খুলতে এসে দেখেন ভেতরের সমস্ত জিনিসপত্র এলোমেলো অবস্থায় রয়েছে। পরে দেখেন, চোরেরা দোকান ঘরের উপরের টিনের ছাউনি কেটে ভিতরে প্রবেশ করে সোনা, রুপা ও বিভিন্ন মূল্যবান স্টোন মিলিয়ে প্রায় এক কোটি টাকার সামগ্রী চুরি করে নিয়ে যায়। খবর দেওয়া হয় চুরাইবাড়ি থানায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করে। জানা গেছে, সুমত দে-র ব্যবসায়ী প্রতিষ্ঠানে এর আগেও একাধিকবার চুরির ঘটনা ঘটেছে। শুধু তাই নয়, এলাকায় একই পদ্ধতিতে টিন কেটে বেশ কয়েকটি চুরির ঘটনা ঘটলেও আজ পর্যন্ত কোনও ঘটনারই সুরাহা করতে পারেনি পুলিশ। এর ফলে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্রমশ ক্ষোভ বাড়ছে এবং পুলিশের রাতের টহলদারি নিয়েও উঠছে প্রশ্ন। এখন দেখার বিষয়, পুলিশ এই ঘটনার সঙ্গে জড়িত দুষ্কৃতীদের শনাক্ত করে দ্রুত গ্রেফতার করতে সক্ষম হয় কিনা।

