স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৩০ মার্চ : রাজমিস্ত্রির কাজ করতে বাংলাদেশ থেকে ভারতে এসে যাত্রাপুর থানার পুলিশের হাতে আটক দুই বাংলাদেশি সহ ভারতীয় দালাল। ঘটনার বিবরনে যাত্রাপুর থানার পুলিশ জানায়, রবিবার বিকেলে যাত্রাপুর থানার পুলিশ গোপন খবরের ভিত্তিতে নাকা পয়েন্টে উৎপেতে বসে থাকে। TR 07 E 0376 নাম্বারের একটি ইকো গাড়ি করে কে.কে নগর থেকে সোনামুড়া – বিলোনিয়া বাইপাস সড়ক ধরে সোনামুড়ার উদ্দেশ্যে রওয়ানা হয়েছিল তারা। তাদের আটক করে জিজ্ঞাসা বাদ চালাতেই কথাবার্তায় ব্যাপক অসংলগ্নতা পাওয়া যায়।
পরে তারা জানায় বাংলাদেশ থেকে তারা ভারতে এসেছে রাজমিস্ত্রির কাজ করার জন্য। পুলিশ তাদের তল্লাশি চালিয়ে তিনটি মোবাইল ফোন, বাংলাদেশি ১৮১০ টাকা এবং একটি বাংলাদেশী আধার কার্ড উদ্ধার করে। ধৃত দুই বাংলাদেশির নাম, মোহাম্মদ ইয়াসিন ও মোহাম্মদ হিজবুল। তাদের উভয়ের বাড়ি বাংলাদেশ বরিশাল। ভারতীয় দালালের নাম মোঃ মহিউদ্দিন, এর বাড়ি যাত্রাপুর থানার অন্তর্গত কালী কৃষ্ণনগর। পুলিশ তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পারে, ভারতীয় দালাল চক্রের সঙ্গে যোগাযোগ করে তারা নাকি রাজমিস্ত্রি কাজের জন্য বাংলাদেশ থেকে ভারতে এসেছে। তাদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারা অনুযায়ী মামলা হাতে নিয়ে আদালতে সোপর্দ করেছে পুলিশ।

