স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২২ মার্চ : আঁতাতের জন্য বিজেপি এবং তিপরা মথা দিল্লিতে ঘন ঘন বৈঠক করছে। দুটি বিপরীত মেরুর দল হলেও একটা সুযোগ সন্ধানী আঁতাত এবং অপরটি নীতি হীনতার আঁতাত। কারণ রোমান হরফ, গ্রেটার তিপরাল্যান্ড সহ একাধিক দাবি তিপরা মথার না মানার পরেও বিজেপি-র সঙ্গে আঁতাত হতে চাইছে তিপরা মথা। শুধু তাই নয় ২৮ টি আসন নিয়ে দুই দলের নেতৃত্ব চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে এবং বিজেপি দলের বিধায়ক তথা মন্ত্রী বিকাশ দেববর্মা মুরগির মতো মথাকে ছিঁড়ে ফেলে দেবে বলার পরেও আঁতাত হচ্ছে।
তাই সুযোগ সন্ধানী ও জনগণ বিরোধী আঁতাত ছাড়া এগুলি আর কিছু নয়। রবিবার সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দিয়ে এ কথা বললেন বিধায়ক সুদীপ রায় বর্মন। আরো বলেন আগামী দিন কিভাবে এডিসিকে আরো বেশি লুটপাট করা যায় তার জন্য বিজেপি এবং মথা আঁতাত হতে চাইছে। তিনি আরো বলেন আদিবাসীদের এডিসি উপহার দিয়েছে কংগ্রেস। এছাড়াও শিক্ষা, স্বাস্থ্য, এডিসি-র আসন সংখ্যা ১৭ থেকে বৃদ্ধি করে কুড়িটি, বন অধিকার আইন সহ একাধিক অধিকার আদিবাসীদের জন্য কার্যকর করেছে কংগ্রেস। তাই সিপিআইএম, বিজেপি এবং মথার মতো অর্থনৈতিক ক্ষমতা না থাকলেও কংগ্রেসের সমর্থন রয়েছে পাহাড়ে। আসন্ন নির্বাচনে মানুষ কংগ্রেসকে সমর্থন করবে বলে আশাবাদী তিনি। তিনি আরো বলেন, এডিসিকে অধিক অর্থ বরাদ্দ, দুর্নীতিমুক্ত, কর্মসংস্থানের সুযোগ, অর্থনৈতিক ও সামাজিক অধিকারের প্রতিশ্রুতি নিয়ে লড়াই করবে কংগ্রেস। বর্তমানে রাজ্যে বুথস্তর থেকে মহাকরণ পর্যন্ত চলছে দুর্নীতি। পরিস্থিতি থেকে রাজ্যকে বের করে আনতে জনগণের সমর্থন চায় কংগ্রেস।

