স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৫ মার্চ :ময়দান থেকে প্রার্থী পথ তুলে নেন, অন্যথায় ধর্মনগরে কংগ্রেস প্রচারে এসে সিপিএমকে বিজেপি-র ধূসর হিসেবে আখ্যায়িত করবে। ২৫ বছরের কালো অধ্যায় মানুষের সামনে তুলে ধরা হবে। ধর্মনগরে গিয়ে এই কথা বললেন বিধায়ক সুদীপ রায় বর্মন। রবিবার ৫৬ ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনকে সামনে রেখে রবিবার ধর্মনগর শহরের নেতাজি মূর্তির পাদদেশে এক পথসভার আয়োজন করে উত্তর ত্রিপুরা জেলা কংগ্রেস।
পথ সভায় উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা, কংগ্রেস নেতা ডি.সি. রাংকল, জেলা কংগ্রেসের ভারপ্রাপ্ত সভাপতি দিগ্বিজয় চক্রবর্তী সহ অন্যান্য নেতৃবৃন্দ। সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন। সভায় বক্তব্য রাখতে গিয়ে সুদীপ রায় বর্মন রাজ্যের শাসকদল বিজেপি ও আরএসএসকে তীব্র ভাষায় আক্রমণ করেন। তিনি বলেন, ত্রিপুরায় পূর্বে অনুষ্ঠিত তিনটি বিধানসভা উপনির্বাচনে কংগ্রেস নিজেদের প্রার্থী দেয়নি।
বিজেপিকে হারানোর স্বার্থে কংগ্রেস তখন সিপিআইএমকে সমর্থন করেছিল। কিন্তু ৫৬ ধর্মনগর বিধানসভা উপনির্বাচনের ক্ষেত্রে কোনো আলোচনা বা সমঝোতার আগেই সিপিআইএম তাদের দলীয় প্রার্থীর নাম ঘোষণা করে দেয়। এদিন তিনি সিপিআইএম -এর প্রতি আহ্বান জানিয়ে বলেন, এখনও সময় আছে—তারা যেন তাদের প্রার্থী প্রত্যাহার করে কংগ্রেসকে সমর্থন জানায়, যাতে একজোট হয়ে রাজ্যের শাসকদলকে পরাজিত করে ৫৬ ধর্মনগর বিধানসভা কেন্দ্র কংগ্রেসের দখলে আনা যায়। পাশাপাশি বক্তব্যে তিনি প্রধানমন্ত্রীকেও কটাক্ষ করেন এবং রাজ্যের বিভিন্ন ইস্যু তুলে ধরে বিজেপি সরকারের সমালোচনা করেন।পথসভায় উপস্থিত কংগ্রেস কর্মী ও সমর্থকদের উদ্দেশে নেতৃবৃন্দ আগামী উপনির্বাচনে কংগ্রেস প্রার্থীকে জয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে এদিন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা নেতৃত্বে সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়।

