স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৪ মার্চ : আসন্ন টিটিএএডিসি নির্বাচনে অন্যান্য রাজনৈতিক দল থেকে সাড়া না পেলে সরকারের অংশীদারি আইপিএফটি একলা চলো নীতি অবলম্বন করবে। শনিবার এ কথা আরো একবার স্পষ্ট করলেন আইপিএফটি দলের যুগ্ম সাধারণ সম্পাদক বুদ্ধ দেববর্মা। শনিবার আগরতলা প্রেস ক্লাবের দলের কেন্দ্রীয় কমিটির এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে তিনি জানান, আসন্ন নির্বাচনে লড়াই কৌশল কি হবে তা নিয়ে এদিন বৈঠকে বসেছেন।
যেহেতু সরকারের অংশীদারী দল তাই তারা চূড়ান্ত সিদ্ধান্ত এখনো নেয়নি। তবে যেহেতু জনগণের সমর্থন রয়েছে তাই তারা ২৮ টি আসনেই প্রার্থী দেবে যদি আসন সমঝোতা না হয়। এমনটাই বললেন তিনি। আরো বলেন, আসন্ন নির্বাচনের তাদের মূল ইস্যু হবে পৃথক রাজ্য অর্থাৎ টিটিএএডিসি নিয়ে তিপরাল্যান্ড গঠন করা। পাশাপাশি জনগণের জন্য অনেক কাজ করার বাকি বলে অভিমত ব্যক্ত করেন। এগুলো নিয়ে জনগণের দরবারে যাবেন বলে জানান তিনি।
এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন দলের সভাপতির প্রেম কুমার রিয়াং, সাধারণ সম্পাদক স্বপন দেববর্মা অন্যান্য নেতৃত্ব। বৈঠক শেষে দলের সাধারণ সম্পাদক স্বপন দেববর্মা জানান, ২৮ টি আসনের নির্বাচন ঘোষণার আগেই শক্তির মহড়ায় মাঠে নামতে চায় আই পি এফ টি। আগামী ১৭ মার্চ সাংগঠনিক বিভাগের মাধ্যমে ২৮ টি নির্বাচনী ক্ষেত্র এলাকায় বাইক মিছিল সংঘটিত করা হবে। তার পাশাপাশি প্রত্যেক ডিভিশনকে সংশ্লিষ্ট নির্বাচনী ক্ষেত্রের নির্বাচনী পরিস্থিতি খতিয়ে দেখতে এবং যথাসময়ে রিপোর্ট পেশ করতে বলা হয়েছে।

