নয়াদিল্লি, ১২ মার্চ (হি.স.): রাজধানী দিল্লিতে ফের ভয়াবহ অগ্নিকাণ্ড! এবার আগুন লাগল পশ্চিম দিল্লির উত্তম নগর এলাকার বস্তিতে। আগুনের লেলিহান শিখায় প্রায় ৩০০-৪০০ ঝুপড়ি ভস্মীভূত হয়ে গিয়েছে। পুলিশ ও দমকল জানিয়েছে, বুধবার রাতে দিল্লির উত্তম নগর এলাকায় মাটিয়ালা গ্রামের মাছ বাজারে আগুন ভয়াবহ আগুন লাগে।
আগুনে প্রায় ৩০০ থেকে ৪০০ ঝুপড়ি পুড়ে গেছে। আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়। বুধবার রাত ১১.৫০ মিনিট নাগাদ অগ্নিকাণ্ডের খবর পায় দমকল বিভাগ। প্রায় ২৫টি দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। ঘণ্টার পর ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। অগ্নিকাণ্ডে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। দমকলের পক্ষ থেকে জানানো হয়েছে, দীর্ঘ চেষ্টার পর বৃহস্পতিবার ভোররাত ৩.২৫ মিনিট নাগাদ আগুন আয়ত্তে এসেছে।

