স্যন্দন ডিজিটাল ডেস্ক,আগরতলা ১১ মার্চ : বুধবার আগরতলা প্রজ্ঞা ভবনে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে শ্রম দপ্তরের উদ্যেগে নির্মাণ শ্রমিক কল্যাণ প্রকল্পের জন্য ডায়নামিক ওয়েব ভিত্তিক অ্যাপ্লিকেশন এবং মোবাইল অ্যাপের সূচনা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রম দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়, শ্রম দপ্তরের সচিব, শ্রম কমিশনার বিশ্বজিৎ পাল, পূর্ত দপ্তরের সচিব কিরণ গিত্যে সহ অন্যান্যরা।
মন্ত্রী টিঙ্কু রায় বোতাম টিপে নির্মাণ শ্রমিক কল্যাণ প্রকল্পের জন্য ডায়নামিক ওয়েব ভিত্তিক অ্যাপ্লিকেশন এবং মোবাইল অ্যাপের সূচনা করেন। পরে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী টিঙ্কু রায় বলেন, বর্তমান সরকার শ্রমিক বান্ধব। শ্রমিকদের কল্যাণে একাধিক উদ্যোগ গ্রহণ করে চলেছে সরকার। নির্মাণ শ্রমিক কল্যাণ প্রকল্পের সুযোগ রাজ মিস্ত্রী, যোগালি, প্লাম্বার, ইলেক্ট্রিশিয়ান, টাইলস মিস্ত্রিরা নিতে পারবেন। বর্তমানে রাজ্যে সক্রিয় নির্মাণ শ্রমিক রয়েছে ৪০ হাজার। তিনি এইদিন সকল নির্মাণ শ্রমিককে নির্মাণ শ্রমিকের কার্ড করে নেওয়ার আহ্বান জানান। কারন অন্যথায় এই প্রকল্পের সুযোগ থেকে বঞ্চিত হবে নির্মাণ শ্রমিকরা।

