স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২ মার্চ : বসন্তের প্রকৃতির রং যেন পূর্ণতা পায় দোলোৎসবে। লাল, হলুদ, আর সবুজে সেজে উঠেছে কৃষ্ণচূড়া ও রাধাচূড়া। এর মধ্যে রাত পোহালেই দোল পূর্ণিমা এবং দোল উৎসব। এই দোল উৎসব ঘিরে শুরু হয়েছে অনেক আয়োজন। আগরতলা শহরের বিভিন্ন মণ্ডপে হবে পূজার্চনা। হিন্দু শাস্ত্র অনুযায়ী আগে ভগবান হোলি খেলবে। তারপর হবে মানুষের হোলি।
কেউ কেউ আবার বলে এটা বসন্ত উৎসব। কোনভাবেই যেন এই বসন্ত উৎসব ফিকে না হয় তার জন্য প্রস্তুত উৎসাহীরা। ইতিমধ্যে বাজারে এসে গেছে বিভিন্ন রং। এর মধ্যে রয়েছে অর্গানিক রং। দাম বেশি হলেও চাহিদা অনেক বেশি অর্গানিক রঙের। বছরে একটা দিনের জন্য সবাই অপেক্ষা করে। বিশেষ করে বাঙালির ১২ মাসের ১৩ পার্বণ শুরু হয় বসন্ত উৎসব অর্থাৎ হোলি দিয়ে। জীবনের প্রতিটা মুহূর্ত যেন এভাবেই রঙে রঙিন হয়ে থাকে সেই আশা-আকাঙ্ক্ষা নিয়ে সীমাহীন আয়োজন হয় সকলের মধ্যে। তবে এবার বাজারে রঙের মূল্য অনেকটাই বেশি।

