বাড়িরাজ্যনানা সমস্যায় ভুগছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ছাত্রছাত্রীরা

নানা সমস্যায় ভুগছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ছাত্রছাত্রীরা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৮ ফেব্রুয়ারি :   কমলপুর মহকুমা মোহনপুর গ্রামের অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি যেন আজ অবহেলার এক জীবন্ত চিত্র। টানা দুই বছর ধরে কেন্দ্রের কল থেকে একফোঁটা পানীয় জলও পড়ছে না। শিশুদের জন্য নির্মিত এই শিক্ষাকেন্দ্রে বিশুদ্ধ জলের অভাব শুধু অসুবিধাই নয়, স্বাস্থ্য ঝুঁকিরও বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। সমস্যা এখানেই শেষ নয়। কেন্দ্রের চারপাশে নেই কোনো দেওয়াল। ফলে যে কোনো সময় রাস্তা থেকে অনাকাঙ্ক্ষিত বিপদের আশঙ্কা থেকেই যাচ্ছে। অভিভাবকরা প্রতিদিন দুশ্চিন্তার মধ্যে সন্তানদের পাঠাচ্ছেন, নিরাপত্তাহীনতার এই পরিবেশ তাদের মনে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে।

তার উপর দীর্ঘদিন ধরে শ্রেণিকক্ষের সিলিং ভাঙা ও অসুরক্ষিত অবস্থায় পড়ে রয়েছে। বর্ষার সময় ছাদ চুইয়ে জল পড়ে, আর গ্রীষ্মে অসহনীয় তাপদাহে কষ্ট পায় পড়ুয়ারা। এমন প্রতিকূল পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পক্ষ থেকে একাধিকবার সংশ্লিষ্ট পঞ্চায়েতকে সমস্যাগুলি জানানো হলেও অভিযোগ এখন পর্যন্ত কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। প্রশাসনিক উদাসীনতায় ক্ষতিগ্রস্ত হচ্ছে গ্রামের শিশুরা। এলাকাবাসীর দাবি—শিশুদের সুরক্ষা ও সুষ্ঠু শিক্ষার স্বার্থে দ্রুত পদক্ষেপ যাতে নেয় প্রশাসন। কারণ অবহেলার এই বোঝা ভবিষ্যতের ওপর চাপিয়ে দেওয়া মানেই একটি প্রজন্মকে অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়া।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য