স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৪ ফেব্রুয়ারি : পানীয় জলের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে গ্রামবাসীরা। ঘটনা কৈলাসহরের শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। কৈলাসহরের গৌরনগর ব্লকের অন্তর্গত শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েতের পাঁচ নং ওয়ার্ড এলাকায় বিগত এক সপ্তাহ ধরে পানীয়জলের তীব্র সংকট চললেও স্থানীয় পানীয় জল ও স্বাস্থ্য বিধান দপ্তরের আধিকারিকদের কোনো হেলদোল নেই।
যার ফলে দপ্তরের আধিকারিকদের বিরুদ্ধে তীব্র ক্ষোভ বিরাজ করছে শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েতের পাঁচ নং ওয়ার্ড এলাকায়। অবরোধকারীরা জানান যে, এলাকায় কয়েকটি জায়গায় জল সরবরাহের পাইপ ফেঁটে যাওয়ায় বিগত এক সপ্তাহ ধরে পাঁচ নং ওয়ার্ডের পঞ্চাশ থেকে ষাট পরিবার পানীয় জল থেকে বঞ্চিত হয়ে আছেন।
গ্রামবাসীরা স্থানীয় পানীয়জল ও স্বাস্থ্য বিধান দপ্তরের আধিকারিককে কয়েকবার মৌখিক ভাবে এবং লিখিত ভাবে জানানোর পরও দপ্তরের পক্ষ থেকে পাইপ সারাই করে দেওয়া হয়নি। এলাকায় পাম্প মেশিন থাকার পরও জল সরবরাহের পাইপ নষ্ট না থাকার কারনে গ্রামবাসীরা পানীয়জল থেকে বঞ্চিত রয়েছেন বিগত এক সপ্তাহ ধরে। দপ্তরের পক্ষ থেকে গ্রামে গাড়ি দিয়েও পানীয়জল সরবরাহ করা হয়নি বলেও জানান অবরোধকারীরা। অবরোধকারীরা জানিয়ে দেন, যদি আগামী চব্বিশ ঘণ্টার মধ্যে পাইপ সারাই করা না হয়, তাহলে অনির্দিষ্টকালের জন্যে রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করা হবে।

