স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৪ ফেব্রুয়ারি : প্রায় চার মাস ধরে নিজ বাড়ি থেকে নিখোঁজ সুরজিৎ পাল নামে এক যুবক। থানায় নিখোঁজ ডায়েরি করেও এখনো পর্যন্ত ঐ ব্যক্তির হদিশ মিলছে না। উৎকন্ঠায় দিন কাটছে নিখোঁজ যুবকের মা ও তার পরিবারের লোকজন। ঘটনা ফটিকরায় থানাধীন পূর্বরাতাছড়া কালাপানি এলাকায়। পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তা ও অসহযোগিতার অভিযোগ পরিবারের লোকেদের।
নিখোঁজ যুবকের মা সঞ্চিতা পাল জানান, বিগত তিন মাস ধরে নিজ বাড়ি থেকে নিখোঁজ তার ছেলে সুরজিৎ। কুমারঘাট যাওয়ার নাম করে বাড়ি থেকে বের হয়েছিলেন। এরপরই ছেলের খোঁজ পেতে থানার দ্বারস্থ হয়। তিনি নিখোঁজ ডায়েরি করেন ফটিকরায় থানায়। কিন্তু পুলিশ কোন রিসিভ কপি দেয়নি। তার অভিযোগ নিখোঁজ ডায়েরি করার তিন মাস অতিক্রান্ত হলেও ছেলের হদিস বের করতে এখনো নিষ্ক্রিয় পুলিশ। তিনি জানান রাবার বাগানে কাজ করতো তার ছেলে। ছেলে নিখোঁজ হওয়ার পর সমস্ত আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজ খবর করেছেন তারা। কিন্তু তাও কোন হদিশ মেলেনি তার। অসহায় অবস্থায় পুলিশ প্রশাসনের কাছে ছেলেকে খুঁজে দেওয়ার আর্জি জানিয়েছেন।

