স্যন্দন ডিজিটেল ডেস্ক ২৩ ফেব্রুয়ারি : কার্যত জোর খাটিয়ে ভারতের উপর ৫০ শতাংশ শুল্ক চাপিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। জরুরি অবস্থা জারি করে, রাশিয়া থেকে তেল কেনার শাস্তি হিসাবে-রীতিমতো ছলনা শুরু করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট। শেষ পর্যন্ত মার্কিন সুপ্রিম কোর্টের রায়ে এই শুল্কনীতিকে বেআইনি ঘোষণা করা হয়েছে। শুল্ক প্রত্যাহারও করতে চলেছে ট্রাম্প প্রশাসন। কিন্তু এতদিন পর্যন্ত ভারত থেকে যে বিপুল পরিমাণ শুল্ক আদায় হয়েছে, সেটা কি ফেরত দেবে আমেরিকা?
১৯৭৭ সালের ইন্টারন্যাশনাল এমারজেন্সি ইকোনমিক পাওয়ারস অ্যাক্ট বা আইইইপিএ-র আওতায় বিভিন্ন দেশের পণ্যের উপর বিভিন্ন হারে শুল্ক বসিয়েছিলেন ট্রাম্প। প্রথমে ভারতের উপর ২৫ শতাংশ শুল্ক চাপান। সেই শুল্কহার কার্যকর হতে না হতেই আরও ২৫ শতাংশ শুল্ক চাপান রুশ তেল কেনার ‘শাস্তি’ হিসাবে। ভারতের অর্থনীতিতে বেশ ধাক্কা লাগে জোড়া শুল্কবাণের জেরে। আমেরিকায় পণ্য রপ্তানির পরিমাণ অনেকখানি কমে যায়। ব্যবসার জন্য অন্যান্য দেশে বাজার বাড়াতে উদ্যোগ নেয় ভারত।
শেষ পর্যন্ত সেই বিরাট শুল্কহারকে বেআইনি ঘোষণা করেছে মার্কিন সুপ্রিম কোর্ট। তারপর শুল্ক দপ্তরের তরফ থেকে বিবৃতি জারি করে বলা হয়েছে, মঙ্গলবার থেকেই কর সংগ্রহ বন্ধ করা হবে। কিন্তু এতদিন পর্যন্ত সংগ্রহ করা শুল্কের অর্থ কি ফিরিয়ে দেবে ট্রাম্প প্রশাসন? সেই প্রশ্নের জবাবে মুখ খুলেছেন আমেরিকার বাণিজ্য কর্তা জেমিসন গ্রির। তিনি জানান, “কী করতে হবে সেটা আদালতের সিদ্ধান্ত। শুল্ক নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে আদালতের রায়ের ফলেই। তাই অর্থ ফেরানোর সিদ্ধান্ত নেবে আদালত।”

