স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২১ ফেব্রুয়ারি : একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। শনিবার বিদ্যালয় শিক্ষা দপ্তরের উদ্যোগে তথ্য ও সংস্কৃতি বিষয়ক দপ্তরের সহযোগিতায় রাজ্যভিত্তিক মূল অনুষ্ঠানটি হয় সুকান্ত একাডেমীর প্রেক্ষাগৃহে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের উচ্চশিক্ষা মন্ত্রী কিশোর বর্মন। অনুষ্ঠানে উচ্চ শিক্ষা মন্ত্রী কিশোর বর্মন বক্তব্য রেখে বলেন, শিক্ষা মানে শুধুমাত্র ডিগ্রী নয়, যুবকদের অন্তর্নিহিত যে মেধা রয়েছে তার বহিঃপ্রকাশের নামই হলো শিক্ষা। এর সঠিক বিকাশ ঘটে মাতৃভাষার মাধ্যমে।
উচ্চ শিক্ষা মন্ত্রী আরো বলেন, সরকার প্রতিটি ভাষার সংরক্ষণ এবং গবেষণার জন্য আন্তরিকভাবে কাজ করছে। সে রাজ্যের ১,১৯৬ টি বিদ্যালয়ের মধ্যে ১১৫ টি মাধ্যমিক বিদ্যালয় এবং ৬৫ টি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ককবরক ভাষায় পাঠদান হয়। এছাড়াও ত্রিপুরা বিশ্ববিদ্যালয় ককবরকের স্বতন্ত্র বিভাগ চালু হয়েছে। মোট সাতটি সংখ্যালঘু ভাষার মানুষকে বিনামূল্যে পাঠ্য বই বিতরণ এবং পাঠদান করা হচ্ছে। ৬১ টি ককবরক সাহিত্যের বই এবং ২৪ টি অন্যান্য সংখ্যালঘু ভাষার বই ইতিমধ্যে রাজ্যের প্রকাশিত হয়েছে। তিনি আরো বলেন ভাষা হল মানুষের মূল শিকড়।
মাতৃভাষার দ্বারা মানুষ তার আত্মপরিচয় এবং অস্তিত্ব তুলে ধরতে পারে। এই মাতৃভাষার দ্বারা মানুষ তার চিন্তাধারা ও সাংস্কৃতিকে এগিয়ে নিয়ে যেতে পারে। তাই সকলকে মাতৃভাষার প্রতি গুরুত্ব দিতে আহ্বান উচ্চ শিক্ষা মন্ত্রীর। আয়োজিত অনুষ্ঠানে উচ্চ শিক্ষামন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য সহ অন্যান্য বিশিষ্টজনেরা। এদিনের অনুষ্ঠানে অংশ নেয় রাজ্যের বিভিন্ন স্কুল, কলেজের ছাত্র-ছাত্রীরা।

