স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৯ ফেব্রুয়ারি : মন্ডলের নির্দেশে বুথ সভাপতি নেতৃত্বে চলছে সন্ত্রাস। মানুষের জীবন বাঁচানো দায় হয়ে দাঁড়িয়েছে লঙ্কামুড়া বিনপাড়া এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, এলাকার রাস্তা নিয়ে ঝামেলা বাদে বুথ সভাপতি তপন দত্তের সঙ্গে এলাকাবাসীর। বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার নাগাদ বুথ সভাপতি তপন দত্তের নেতৃত্বে সুব্রত গুপ্ত এবং তাপস সহ এক দল পুরুষ মহিলা এসে এলাকার বাড়ি ঘরে আক্রমণ চালায়। রক্তাক্ত করে এলাকার বাড়ি ঘরের লোকজনদের এবং ভাঙচুর করে বাড়িঘর। এমনটাই অভিযোগ এলাকাবাসীর।
এদিন এলাকাবাসী বিক্ষোভ দেখায়। এলাকাবাসী আরো জানান, ঘটনার পর পুলিশকে খবর দিলে পুলিশ এসে মামলা নিতে চায় নি। অভিযুক্ত বুথ সভাপতিকে এই বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি জানান, তাকে ক্ষমতা দিয়েছে মন্ডল। মন্ডল থেকে বলেছে এলাকার বাড়িঘর গুড়িয়ে দিতে। এই কথা বুথ সভাপতির কাছ থেকে জানতে পেরে মন্ডলের কাছে সহযোগিতা চাওয়া হয়। দেখা গেল মন্ডল কোনরকম সহযোগিতা করেনি। অর্থাৎ সর্ষের মধ্যে ভূত, বুঝে গেল এলাকাবাসী। এলাকাবাসীর দাবি পুলিশ যেহেতু কথা শুনছে না এখন শেষ পর্যন্ত তাদের দাবি জানাতে হয় মুখ্যমন্ত্রীর কাছে। সংবাদ মাধ্যমের দ্বারা মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে তাদের দাবি অভিযুক্ত বুথ সভাপতি সহ অভিযুক্তদের যেন গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হয়। কারণ মানুষ সুদিনের আশায় দলকে পরিশ্রম করে ক্ষমতায় এনেছিল। এই দিন দেখার জন্য নয় বলে দাবি করলেন এক প্রবীর নাগরিক।

