Wednesday, February 18, 2026
বাড়িজাতীয়দম্পতিদের তিন সন্তানেরও নিদান আরএসএস প্রধান ভাগবতের

দম্পতিদের তিন সন্তানেরও নিদান আরএসএস প্রধান ভাগবতের

স্যন্দন ডিজিটেল ডেস্ক ১৮ ফেব্রুয়ারি : ফের হিন্দু সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার বার্তা দিলেন সঙ্ঘপ্রধান মোহন ভাগবত । তাঁর মতে বর্তমানে হিন্দু সমাজের বিপদের আশঙ্কা নেই, তথাপি সতর্কতা জরুরি। সেই কারণে হিন্দু দম্পতিদের কমপক্ষে তিনটি করে সন্তান নেওয়ার পরামর্শ দিয়েছেন ভাগবত। উল্লেখ্য, আগেও ভারতীয় দম্পতিদের তিনটি করে সন্তান নেওয়ার নিদান দিয়ে বিতর্কে জড়ান রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের প্রধান!

মঙ্গলবার সরস্বতী শিশু মন্দিরে এক সম্প্রীতি সভায় ভাষণ দেন মোহন ভাগবত । সেখানে হিন্দু জনসংখ্যার ক্রমহ্রাসমানতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, “হিন্দুদের ঐক্যবদ্ধ ও ক্ষমতায়নের প্রয়োজন। আমরা বিপদের মধ্যে নেই, তবে সতর্কতার প্রয়োজন রয়েছে।” যোগ করেন, “প্রলোভন দেখিয়ে কিংবা বলপ্রয়োগ-ভিত্তিক ধর্মান্তর বন্ধ হওয়া উচিত।” হিন্দু ধর্মাবলম্বীদের সমাজে ফিরিয়ে আনার পাশাপাশি তাঁদের কল্যাণের জন্য কাজ করার বার্তা দেন সঙ্ঘপ্রধান।.

এদিন নিজের বক্তব্যে, অনুপ্রবেশ নিয়েও সরব হন মোহন ভাগবত। ভাগবত বলেন, অনুপ্রবেশকারীদের “শনাক্ত করা এবং নির্বাসিত করা” উচিত। তাঁদের চাকরি দেওয়া উচিত নয়। এর পরেই হিন্দু দম্পতিদের তিন সন্তান নেওয়ার পরামর্শ দেন সঙ্ঘপ্রধান। তাঁর দাবি, বিশেষজ্ঞেরা জানাচ্ছেন, তিনটির কম সন্তান হলে বংশবিস্তারের গতি কমে যায়। এর ফলে সেই পরিবার তথা কোনও সম্প্রদায় ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যায়।

অতীতে সঙ্ঘপ্রধান বলেছিলেন, ‘‘ভারতের জনসংখ্যা নীতিতে ২.১ সন্তান থাকার পরামর্শ দেওয়া হয়, যা গড় হিসাবে ঠিক আছে। কিন্তু আপনার কখনওই ০.১ সন্তান থাকতে পারে না। গণিতে, ২.১ হলে ২ হয়, কিন্তু যখন জন্মের কথা আসে, দুইয়ের পরে তিন জন হতে হয়। চিকিৎসকেরা আমাকে এটাই বলেছেন।’’ তাই ভারতীয় নারীদের তিন সন্তান নেওয়ার ‘পরামর্শ’ দিয়ে দাবি করেছেন, অন্য অনেক দেশেও এমন নীতির প্রচলন রয়েছে। তিনি বলেছিলেন, ‘‘এর আগেও বহু ভাষা ও সভ্যতা এ ভাবে বিলুপ্ত হয়ে গিয়েছে। সে জন্য জনসংখ্যা বৃদ্ধির হার কখনওই ২.১ এর কম হওয়া উচিত নয়।’’

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য