স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৯ ফেব্রুয়ারি :গাঁজা বিরোধী অভিযানকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল উত্তর কলমচৌড়া এলাকা। প্রথমে গাঁজা চাষীদের হাতে কলমচৌড়া থানার বড়মুড়া এলাকায় আক্রান্ত আসাম রাইফেলসের জওয়ানরা। পরে আসাম রাইফেলসের জওয়ানদের দ্বারা আক্রান্ত চার যুবক। ঘটনা কলমচৌড়া থানাধীন উত্তর কলমচৌড়া এলাকায়। আহতদের মধ্যে দুজনের নাম জানা গেছে। তারা হলো তুহিন দাস এবং সাগর ভৌমিক। কেউ স্কুল থেকে বাড়ি ফিরেছিল, আবার কেউ সেলুনে গিয়েছিল বলে দাবি করেন। অভিযোগ, অভিযানের সময় গাঁজা ধ্বংস করতে না পেরে আসাম রাইফেলসের কিছু জওয়ান বাজারে ব্যবসায়ী ও সাধারণ মানুষের উপর চড়াও হয়।
স্থানীয়দের দাবি, চার যুবককে তুলে নিয়ে রাবার বাগানের মধ্যে মারধর করে পরে রাস্তায় ফেলে রেখে চলে যায় জওয়ানরা। তারপর এলাকাবাসী তাদের উদ্ধার করে বক্সনগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। এই ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ জনতা বক্সনগর-সোনামুড়া সড়ক অবরোধ করে। প্রায় তিন ঘণ্টা ধরে চলে অবরোধ কর্মসূচি। যার ফলে ওই সড়কে যান চলাচল সম্পূর্ণভাবে ব্যাহত হয়। আটকে পড়ে বহু যাত্রীবাহী ও পণ্যবাহী গাড়ি। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠলে সন্ধ্যা সাড়ে পাঁচটার নাগাদ সোনামুড়া মহকুমা পুলিশ আধিকারিক ঘটনাস্থলে পৌঁছান।
তিনি ঘটনার সুষ্ঠু তদন্তের আশ্বাস দিলে এলাকাবাসী অবরোধ তুলে নেন। মহকুমা পুলিশ আধিকারিক জানান, স্থানীয়দের বক্তব্য এলাকার কয়েকজন যুবককে ধরে নিয়ে মারধর করেছে আসাম রাইফেলস জওয়ানরা। ঘটনাকে ঘিরে এলাকায় এখনও চাপা উত্তেজনা বিরাজ করছে।

