স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৭ ফেব্রুয়ারি :নিখোঁজ চা বিক্রেতা মতিলাল বর্মণের মৃতদেহ উদ্ধার বিশালগড় থানাধীন রতননগর রাবার বাগানে। এলাকাবাসী এবং পরিবারের দাবি খুন হয়েছেন মতিলাল সরকার। জানা গেছে বিশালগড় থানার অন্তর্গত দুর্গানগর বর্মন টিলা এলাকার মতিলাল বর্মন। তিনি একজন চা বিক্রেতা। শুক্রবার দুপুর দেড়টা নাগাদ বাজারের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়েছিলেন। সন্ধ্যায় বাড়িতে ফিরে না আসায় স্ত্রী সহ পরিবারের অন্যান্যরা খোঁজাখুঁজি শুরু করেন। রাত হলেও মতিলাল বর্মনকে কোথাও খুঁজে না পেয়ে অবশেষে উনার স্ত্রী শুক্রবার রাতেই বিশালগড় থানার দ্বারস্থ হয়ে নিখোঁজ ডায়েরি করেন। অবশেষে শনিবার সকালে রাবার বাগানে চা বিক্রেতা মতিলাল বর্মনের মৃতদেহ দেখতে পায় স্থানীয়রা।
পরে খবর দেওয়া হয় তার পরিবারের লোকজনদের, খবর পেয়ে পরিবারের লোকজন ঘটনাস্থলে দ্রুত ছুটে এসে মতিলাল বর্মনের মৃতদেহ দেখতে পেয়ে কান্নায় ভেঙ্গে পড়েন। খবর দেওয়া হয় বিশালগড় থানায়, খবর পেয়ে বিশালগড় থানার পুলিশ ঘটনাস্থলে দ্রুত ছুটে আসে। তবে মৃত অবস্থায় পড়ে থাকা মতিলাল বর্মনের ডান হাতে রক্তের ছাপ পাওয়া গেছে। এ নিয়ে পরিবার সহ এলাকাবাসীদের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়েছে। হাতে রক্তের চিহ্ন থাকায় সকলেই সন্দেহ করছে এটা কি পরিকল্পিত খুন নাকি অন্য কিছু। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বিশালগড় মহকুমা হাসপাতাল মর্গে পাঠিয়ে দেয়। পুলিশ সহ ওনার পরিবারের ধারণা ময়না তদন্তের পর উনার মৃত্যুর আসল রহস্য বের হয়ে আসবে। এই ঘটনায় গোটা বর্মন টিলা এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য বিরাজ করছে।

