স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৭ ফেব্রুয়ারি :বাল্যবিবাহ রুখতে শনিবার মুঙ্গিয়াকামি ব্লকের বি.এ.সি কমিটি হল গৃহে এক গুরুত্বপূর্ণ সচেতনতা ও সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা। এছাড়াও উপস্থিত ছিলেন বি.এ.সি চেয়ারম্যান সুনিল দেববর্মা, ব্লক প্রশাসনের আধিকারিকসহ অন্যান্য বিশিষ্ট অতিথিবৃন্দ। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বিকাশ দেববর্মা বলেন বাল্য বিবাহকে সমাজের একটি ভয়াবহ অভিশাপ হিসেবে আখ্যা দেন।
তিনি স্পষ্ট ভাষায় বলেন, ২০৩০ সালের পর বাল্যবিবাহ কোনওভাবেই বরদাস্ত করা হবে না। বিশেষ করে মুঙ্গিয়াকামি ব্লক এলাকায় এখনও বাল্যবিবাহের প্রবণতা থাকায় এই সামাজিক ব্যাধি নির্মূলে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।মন্ত্রী আরও বলেন, বাল্যবিবাহ রোধে অঙ্গনওয়ারী কেন্দ্রের কর্মীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি বর্তমান সরকার মেয়েদের শিক্ষার উপর বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করে চলেছে বলেও তিনি উল্লেখ করেন। ছেলে-মেয়েদের শিক্ষিত ও স্বাবলম্বী করে তুলতে একলব্য বিদ্যালয় সহ একাধিক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা হচ্ছে। মন্ত্রী আশা ব্যক্ত করে বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় আগামী দিনে একটি উন্নত ও বিকাশিত ত্রিপুরা গড়ে তোলা সম্ভব হবে।

