Thursday, February 5, 2026
বাড়িজাতীয়‘সন্ত্রাসের আঁতুড়ঘর’, দিল্লি পুলিশের হাতে গ্রেপ্তার সেই আল-ফালাহ বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান

‘সন্ত্রাসের আঁতুড়ঘর’, দিল্লি পুলিশের হাতে গ্রেপ্তার সেই আল-ফালাহ বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান

স্যন্দন ডিজিটেল ডেস্ক ০৫ফেব্রুয়ারি : দিল্লি বিস্ফোরণে নাম জড়িয়েছিল হরিয়ানার আল-ফালাহ বিশ্ববিদ্যালয়ের। জেহাদের সেই আঁতুড়ঘরেই ফের অভিযান দিল্লি পুলিশের। প্রতারণা মামলায় গ্রেপ্তার করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান জাভেদ আহমেদ সিদ্দিকিকে। ইউনিভার্সিটি গ্রান্ড কমিশন (UGC)-এর দায়ের করা দুটি এফআইআরের ভিত্তিতেই এই পদক্ষেপ করা হয়েছে বলে জানা গিয়েছে।

পুলিশের তরফে জানা গিয়েছে, লালকেল্লার সামনে বিস্ফোরণের ঘটনার পরই সামনে এসেছিল এই প্রতারণার তথ্য। ওই বিশ্ববিদ্যালয়ে ব্যাপক অনিয়ম ও জালিয়াতির তথ্য সামনে আসতেই পদক্ষেপ শুরু হয়। দায়ের হয় একের পর এক এফআইআর। মাঠে নামে ইডিও। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ইডির তদন্তের পাশাপাশি দিল্লি পুলিশের তরফে সিদ্দিকিকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু হয়। এরপরই গ্রেপ্তার করা হয় তাঁকে। পুলিশের তরফে জানা গিয়েছে, গ্রেপ্তারির পর অভিযুক্তকে আদালতে পেশ করা হলে বিচারক অভিযুক্তকে চার দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।

দিল্লি বিস্ফোরণে গোয়েন্দাদের রাডারে হরিয়ানার সেই আল-ফালাহ বিশ্ববিদ্যালয়কে আগেই সাসপেন্ড করেছিল অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ান ইউনিভার্সিটিজ (এআইইউ)। পরে শিক্ষা প্রতিষ্ঠানটির বিরুদ্ধে জোড়া এফআইআর দায়ের করে দিল্লি পুলিশের অপরাধদমন শাখা। প্রথমটি প্রতারণা এবং দ্বিতীয়টি জালিয়াতির অভিযোগে। জালিয়াতির অভিযোগের তদন্তে এর আগে সংস্থার দিল্লির অফিসে হানা দিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত ২৫টি জায়গাতেও একযোগে তল্লাশি চালান ইডি আধিকারিকরা। ইডির তরফে জিজ্ঞাসাবাদও করা হয় সিদ্দিকিকে।

উল্লেখ্য, দিল্লি বিস্ফোরণের আত্মঘাতী জঙ্গি উমর নবি এই আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত ছিল। সেই নাশকতার পর থেকে এখনও পর্যন্ত একাধিক চিকিৎসককে গ্রেপ্তার করা হয়েছে। প্রত্যেকের বিরুদ্ধেই নাশকতা ছড়ানোর অভিযোগ রয়েছে। এবং সকলের সঙ্গে কোনও না কোনওভাবে জড়িয়ে রয়েছে এই আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের নাম।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য