স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৪ ফেব্রুয়ারি : বুধবার ফটিকরায় হাজী বাড়ি পিএম শ্রী বিদ্যালয়ের নবনির্মিত ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন হয় রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহার হাত ধরে। এই অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন। মুখ্যমন্ত্রীকে পুষ্পস্তবক দিয়ে সেখানে বরণ করে নেন রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস।
বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেন উন্নয়নের অপর নাম হচ্ছে ভারতীয় জনতা পার্টি নেতৃত্বাধীন সরকার। মুখ্যমন্ত্রী আরও বলেন কাজের কোন শেষ নেই। ভারতীয় জনতা পার্টি নেতৃত্বাধীন সরকার সবসময় চেষ্টা করে মানুষের পাশে থেকে কাজ করে যেতে। সরকার চায় সমস্যার সমাধানের মাধ্যমে মানুষের পাশে থাকতে।
আগের সরকার শুধুমাত্র সমস্যা সৃষ্টি করে সরকারে থাকতো। মানুষের মুখে যদি হাসি ফোটানো যায় এর থেকে আত্মতৃপ্তি আর কিছুই হতে পারে না। এদিন এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস, ঊনকোটি জেলার জেলাশাসক তমাল মজুমদার, জেলার পুলিশ সুপার সুধানম্বিকা আর সহ আরো অনেকেই।

