স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৪ ফেব্রুয়ারি :তিপরা মথা ও দলের সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেববর্মণকে একহাত নিলেন জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা। বুধবার বুধবার সদর জেলা শহরাঞ্চল কমিটির পক্ষ থেকে প্রদেশ বিজেপি কার্যালয়ে নাম না করে মন্ত্রী বিকাশ দেববর্মা বলেন, শুধুমাত্র সময়ের অপেক্ষা। আগামী দিন এডিসি দখল করবে বিজেপি। গত পাঁচ বছর আগে জাতিগত কথা বলে মানুষের সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে এবং চোখের জল ফেলে মানুষের ভোট আদায় করেছে একটি আঞ্চলিক দল। পাঁচ বছরে তারা এডিসিতে কোন কিছুই করতে পারেনি।
একটা চাকরি, একটা ভালো রাস্তা, একটা ঘর পর্যন্ত দিতে পারেনি। রাজ পরিবারের লোক হওয়ায় মানুষ ভেবেছিল কোন কিছু করবে। কিন্তু কোন আশা পূরণ করতে পারেনি তারা। আগামী এডিসিতে চাকুরী, রাস্তাঘাট, পানীয় জল, কর্মসংস্থান দিতে পারবে ডাক্তার মানিক সাহা। তিনি পূর্বতন বামফ্রন্ট সরকারের সমালোচনা করে বলেন, মানিক সরকার ও জিতেন বাবুদের সরকার জনজাতিদের সঙ্গে দীর্ঘ ৩৫ বছর শুধুমাত্র ভোটের রাজনীতি করেছে। শিক্ষা দীক্ষা এবং অর্থনৈতিক সব ক্ষেত্রেই জনজাতিদের ঠকিয়েছে তারা। তারা জানে জনজাতিরা শিক্ষিত হলে ঠকানো যাবে না। ফলে এই সময়ে জনজাতিরা অনেক বেশি পিছিয়ে গেছে।
কিন্তু বর্তমান সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর রাজ্যের জনজাতিরা এগিয়ে যাচ্ছে। বর্তমান সরকার জানে জনজাতিরা এগিয়ে গেলে বিকশিত ত্রিপুরা করা যাবে। এর জন্য বর্তমান মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা সারা রাজ্য চষে বেড়াচ্ছেন। জনজাতিদের একমাত্র মুক্তি দিতে পারে বিজেপি সরকার। আগামী দিন বিরোধী দল বলতে কিছুই থাকবে না। শুধুমাত্র বিজেপি দল থাকবে বলে দাবি করেন তিনি। তিনি আরো বলেন, সম্প্রতি দেশের কেন্দ্রীয় অর্থমন্ত্রী সংসদে যে বাজেট পেশ করেছেন, সেই বাজেট গরিব কল্যাণ মুখী। এই বাজেট সকল অংশের জনগণের কল্যাণের বাজেট। এইবারের বাজেটে আদিবাসি সম্প্রদায়ের উন্নয়নের সাথে যুক্ত। এই বাজেটে স্পষ্ট ভাবে জন কেন্দ্রিক উন্নয়নের নীতি গ্রহণ করা হয়েছে। দরিদ্র নিপীড়িত পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অগ্রাধিকার নিশ্চিত করা হয়েছে। তিনি সাংবাদিক সম্মেলনে আরও বলেন কৃষি, মৎস্য ও পশু পালনের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে এই বারের বাজেটে।

