স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৪ ফেব্রুয়ারি :সুশাসন জামানায় কপাল মন্দ অন্যান্য পশ্চাৎপদ শ্রেনী কল্যাণ দপ্তরের অন্তর্ভুক্ত ছাত্র-ছাত্রীদের। স্কলারশিপের উপর ভরসা করে একটা বড় অংশের ছাত্র-ছাত্রী প্রতিবছর রাজ্যের বাইরে পড়াশোনা করতে যায়। কিন্তু স্কলারশিপ নিয়ে ছাত্র-ছাত্রীরা প্রতিবছর সমস্যার মুখোমুখি হচ্ছে। বুধবার গোর্খাবস্তি অন্যান্য পশ্চাৎপদ শ্রেনী কল্যাণ দপ্তরের কার্যালয়ে গিয়ে ছাত্রছাত্রীরা বিক্ষোভ দেখায়। তাদের বক্তব্য চলতি শিক্ষা বর্ষের স্কলারশিপ এখনো তাদের দেওয়া হয়নি। তারিখের পর তারিখ দিয়ে চলেছেন অন্যান্য পশ্চাৎপদ শ্রেনী কল্যাণ দপ্তরের আধিকারিকরা। এ বিষয়গুলি সম্পর্কে সরকার জানে।
মন্ত্রী, বিধায়ক, চেয়ারম্যান সহ সকলে এ বিষয়ে অবগত রয়েছেন। কিন্তু এখন পর্যন্ত তাদের স্কলারশিপ দেওয়া হয়নি। এর প্রতিবাদে তারা বিক্ষোভ জাগাতে বাধ্য হচ্ছে। তাদের আরো অভিযোগ অন্যান্য পশ্চাৎপদ শ্রেনী কল্যাণ দপ্তরের কারণে তাদের এতটাই সমস্যায় পড়তে হচ্ছে যে কলেজ থেকে প্রতিদিন তাদের চাপ সৃষ্টি করা হচ্ছে। শুধু তাই নয় তাদের জরিমানা করা হচ্ছে। পরীক্ষায় বসতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেওয়া হচ্ছে। শেষ পর্যন্ত কলেজ থেকে ছুটি নিয়ে স্কলারশিপের দাবি করতে রাজ্যে আসতে বাধ্য হয় বলে জানান এক ছাত্র। একাধিকবার তারা দপ্তরে এসেছে। অথচ, কেউ তাদের দাবি কর্ণপাত করছে না। উল্লেখ্য, প্রতিবছরই এভাবে আন্দোলনে নামতে হয় স্কলার্শিপের উপর ভরসা করে রাজ্যের বাইরে পড়াশোনা করতে যাওয়া ছাত্রছাত্রীদের। গত কয়েকদিনে জনজাতি কল্যাণ দপ্তরের কার্যালয়ে বিক্ষোভ দেখিয়েছে ছাত্র-ছাত্রীরা। তারাও স্কলারশিপের দাবিতেই আন্দোলন করেছিল।

