স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৮ জানুয়ারি: সুশাসন জামানায় মন্ত্রীদের মহিলা আত্মনির্ভরের গল্পের সঙ্গে অমিল মহিলা শ্রমিকদের কথার! বুধবার রাজধানীর ইন্দ্রনগর স্থিত সেরি কালচারের অধিকর্তার নিকট রেশম শিল্পীদের পক্ষ থেকে ডেপুটেশন প্রদান করা হয়। সমগ্র রাজ্যের রেশম শিল্পীরা এইদিন ডেপুটেশন প্রদান করেন। মূলত মজুরি বৃদ্ধির দাবিতে রেশম শিল্পীরা এইদিন দপ্তরের অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করে।
সমগ্র রাজ্যে ৫০ জনের অধিক রেশম শিল্পী রয়েছে। রেশম শিল্পীরা জানান বর্তমানে তাদের দৈনিক ২৩০ টাকা করে মজুরি দেওয়া হয়। মাসে যতদিন কাজ হয় ততদিনের টাকা তাদেরকে দেওয়া হয়। দ্রব্য মূল্য বৃদ্ধির বাজারে এই টাকা দিয়ে সংসার চালানো তাদের পক্ষে সম্ভব হচ্ছে না। বামফ্রন্ট সরকারের সময় তাদেরকে ডিএ প্রদান করা হতো। সরকারি কর্মচারীদের ডিএ প্রদান করা হলে, তাদেরকেও কিছু ডিএ দেওয়া হতো। বিজেপি সরকার ক্ষমতায় আসার পর ২০১৮ সাল থেকে সেই ডিএ প্রদানও বন্ধ হয়ে গেছে। তাদের দাবি সরকার তাদের মজুরি বৃদ্ধি করে দিক। তাহলে তাদের সংসার চালাতে সহজ হবে। না হলে সংসার পরিচালনা করা তাদের পক্ষে সম্ভব হচ্ছে না। ১৯৯৬ সাল থেকে তাদের মধ্যে অনেকে চাকরি করে আসছেন। বর্তমানে এত স্বল্প মজুরি দিয়ে সংসার পরিচালনা করা তো দূরের কথা মাসে দশ দিন পর্যন্ত মুখে ভাত জোটছে না। এ বিষয়গুলি নিয়ে দপ্তরের আধিকারিকদের বহুবার বলার পর তারা বলেন সরকার যদি না দেয় তাহলে তারা কি করবে। এদিন দপ্তরের মধ্যে দীর্ঘক্ষণ চলে রেশম শিল্পীদের বিক্ষোভ কর্মসূচি।

