স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৭ জানুয়ারি: আগরতলা পুর নিগম অন্তর্গত ২৫ নম্বর ওয়ার্ডের নব নির্মিত বিনোদন পার্ক নির্মাণের ভূমিপুজা ও ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠান হয়। মঙ্গলবার আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের সাংসদ রাজীব ভট্টাচার্য, মেয়র দীপক মজুমদার, স্থানীয় কর্পোরেটর সহ অন্যান্যরা।
ভূমি পূজন অনুষ্ঠানে সাংসদ রাজীব ভট্টাচার্য বক্তব্য রেখে বলেন, যে জমির মধ্যে বিনোদন পার্ক নির্মাণ করার পরিকল্পনা নেওয়া হয়েছে সেই জমির মধ্যে বিগত দিনে আবর্জনার স্তুপ রাখা হতো। স্থানীয় কিছু অসচেতন মানুষ প্রতিদিন আবর্জনা ফেলতেন। তাই স্থানীয় কর্পোরেটর দ্বারা এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
আগামী দিন ৫৭ লক্ষ টাকা ব্যয় করে গড়ে উঠবে বিনোদন পার্ক। এর জন্য আগরতলা পুর নিগম কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান সংসদ রাজীব ভট্টাচার্য। তিনি আরো বলেন আগরতলা পুর নিগম কর্তৃপক্ষ শহরকে সুন্দরভাবে সাজিয়ে তোলার জন্য কাজ করছে। শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা সকলের দায়িত্ব। সরকার, নিগম এবং জনগণ সকলে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে গেলেই শহর সুন্দর থাকবে।

