বাড়িরাজ্যএডিসি ভোটের আগে ত্রিপুরায় মুখ্যমন্ত্রী বদলের দাবি প্রদ্যুৎ কিশোর দেববর্মনের!সাংস্কৃতিক মঞ্চ থেকে...

এডিসি ভোটের আগে ত্রিপুরায় মুখ্যমন্ত্রী বদলের দাবি প্রদ্যুৎ কিশোর দেববর্মনের!সাংস্কৃতিক মঞ্চ থেকে রাজনৈতিক বার্তা, জল্পনা তুঙ্গে রাজ্য রাজনীতিতে

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২১ জানুয়ারি :ত্রিপুরা রাজ্যে রাজনীতিতে ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে ফের উঠে এল মুখ্যমন্ত্রী পরিবর্তনের ডাক। আবারও প্রকাশ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী বদলের দাবি তুললেন তিপ্রা-মথা সুপ্রিমো মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মন। তাঁর স্পষ্ট বক্তব্য, ত্রিপুরার জনজাতি সমাজের কেউ মুখ্যমন্ত্রী না হলে রাজ্যের জনজাতিদের দীর্ঘদিনের সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়।

এক সময় পৃথক জনজাতি রাজ্যের দাবি তুলে রাজনৈতিক দল গঠন করা প্রদ্যুৎ কিশোর দেববর্মনের এই মন্তব্যকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে নতুন করে চর্চা শুরু হয়েছে। বিশেষ করে এমন সময়ে এই বক্তব্য উঠে আসায় রাজনৈতিক তাৎপর্য আরও বেড়ে গিয়েছে, যখন খুব কাছেই রয়েছে ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল অর্থাৎ (এডিসি) নির্বাচন।উল্লেখযোগ্য বিষয় হলো 

যে মঞ্চ থেকে এই বক্তব্য উঠে আসে, সেটিকে ‘অরাজনৈতিক’ সাংস্কৃতিক মঞ্চ হিসেবে চিহ্নিত করা হলেও, বক্তৃতার প্রতিটি শব্দেই যে স্পষ্ট রাজনৈতিক বার্তা লুকিয়ে ছিল-তা নিয়ে রাজনৈতিক মহলে কোনও দ্বিমত নেই। বিশ্লেষকদের মতে, এডিসি নির্বাচনের প্রাক্কালে মুখ্যমন্ত্রী পরিবর্তনের দাবি তোলা নিছক বক্তব্য নয়, বরং সুপরিকল্পিত রাজনৈতিক কৌশলেরই অংশ।

উল্লেখ্য, এই একই মঞ্চে উপস্থিত ছিলেন পূর্ব ত্রিপুরা আসনের বিজেপির সাংসদ কৃতি দেবী দেববর্মা, যিনি প্রদ্যুৎ কিশোর দেববর্মনের বোন। প্রসঙ্গত, গত লোকসভা নির্বাচনের আগে একটি অলিখিত সমঝোতার ভিত্তিতে পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে বিজেপির প্রতীকে প্রার্থী হয়েছিলেন কৃতি দেবী দেববর্মা। সেই প্রেক্ষাপটে, বোনকে পাশে বসিয়ে নাম না করেই বিজেপি নেতৃত্বাধীন রাজ্য সরকারের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী বদলের দাবি তোলাকে রাজনৈতিক মহল অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন।

এই বক্তব্য উঠে আসে গতকাল অর্থাৎ মঙ্গলবার রাতে উত্তর ত্রিপুরা জেলার পানিসাগর মহকুমার অন্তর্গত দুগঙ্গা ইন্দুরাইল এডিসি ভিলেজ এলাকায় অনুষ্ঠিত রাংলং সম্প্রদায়ের তিনদিনব্যাপী ঐতিহ্যবাহী সাংস্কৃতিক উৎসব নবম ‘রাংলং খুহুই’ অনুষ্ঠান মঞ্চ থেকে। অনুষ্ঠানে প্রদ্যুৎ কিশোর দেববর্মনের সঙ্গে উপস্থিত ছিলেন সাংসদ কৃতি দেবী দেববর্মা সহ রাজ্যের বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, রাংলং সম্প্রদায় ত্রিপুরার ১৯টি স্বীকৃত জনজাতির অন্যতম। অনুষ্ঠানে রাংলং সম্প্রদায়ের প্রধানের হাতে একটি ঐতিহ্যবাহী রাজ তরবারি তুলে দেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন। সেই সঙ্গে তিনি বলেন, রাজতন্ত্র না থাকলেও রাজতন্ত্রের ঐতিহ্য, সম্মান ও পরম্পরা বজায় রাখা অত্যন্ত  জরুরি-যা তাঁর বক্তব্যে একদিকে সাংস্কৃতিক আবেগ, অন্যদিকে রাজনৈতিক প্রতীকী বার্তাকেই তুলে ধরেন তিনি ।

সব মিলিয়ে, একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চ থেকে উঠে আসা মুখ্যমন্ত্রী পরিবর্তনের এই দাবি, জনজাতি নেতৃত্বের প্রশ্ন এবং এডিসি নির্বাচনের ঠিক আগমুহূর্তে এই রাজনৈতিক বার্তাগুলি-ত্রিপুরার রাজনীতিতে নতুন সমীকরণ ও জল্পনার জন্ম দিয়েছে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা।

এখন দেখার, এই বক্তব্য এডিসি নির্বাচনের ফলাফলে কতটা প্রভাব ফেলে এবং রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে মোড় নেয়

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য