স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২১ জানুয়ারি :শ্রমকোড বাতিল সহ কেন্দ্রের বিজেপি সরকারের চরম শ্রমজীবি ও কৃষক বিরোধী নীতির প্রতিবাদে ১২ ফেব্রুয়ারি ধর্মঘটের সমর্থনে অল ইন্ডিয়া রোড ট্র্যান্সপোর্ট ওয়ার্কার্স ফেডারেশনের কনভেনশন। বুধবার রাজধানীর সি আই টি ইউ অফিসের হলঘরে পরিবহন শ্রমিকদের নিয়ে অনুষ্ঠিত হয় এই কনভেনশন। কনভেনশনে উপস্থিত ছিলেন সি আই টি ইউ-র রাজ্য সভাপতি মানিক দে সহ অন্যান্যরা।
কনভেনশনে আলোচনা করতে গিয়ে মানিক দে বলেন ব্রিটিশ শাসনকালে শ্রমিকরা লড়াই করে তাদের অধিকার অর্জন করেছিল। ব্রিটিশরা দেশ থেকে চলে গেছে। কিন্তু বিজেপি সরকার দেশে প্রতিষ্ঠার পর থেকে এক এক করে শ্রমিকদের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। যার ফলে দেশ কোথায় গিয়ে পৌঁছেছে সেটা নিয়ে প্রশ্ন করেন তিনি। তিনি আরো বলেন বর্তমান সরকার চরম স্বৈরাচারী, ফ্যাসিস্ট ও সম্প্রদায়িক একটা দল। তারা মানুষের কথা শুনতে চায় না, বুঝতে চায় না। তারা যা বলবে সেটাই হবে দেশে। কেউ মুখ খুললে তার উপর নামিয়ে আনা হবে আক্রমণ। এভাবে চলতে পারেনা। তাই মুখ খুলতে হবে এবং সংগঠিতভাবে আন্দোলন করতে হবে বলে জানান তিনি।

